পার্থ, ১২ ডিসেম্বর (হি.স.): পার্থের ওয়াকায় বুধবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০৯ বলে ১০৫ রানের ইনিংস খেলে স্মৃতি মান্ধানা এক অনন্য কীর্তি গড়লেন। প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন’স ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১০ ম্যাচে ৪টি সেঞ্চুরি করলেন ভারতের এই মহিলা তারকা ব্যাটার। গত জুনে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই সেঞ্চুরির করেছিলেন মান্ধানা। অক্টোবরে ঘরের মাঠেই আরেকটি সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
এবার চলতি অস্ট্রেলিয়া সফরে বুধবার রাতে পার্থ-এ শেষ একদিনের ম্যাচে স্বরূপে ফিরে উপহার দিলেন রেকর্ড-গড়া সেঞ্চুরি। এই সংস্করণে সব মিলিয়ে মান্ধানার সেঞ্চুরি হল ৯টি। উইমেন’স ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের তালিকায় এখন যৌথভাবে চারে আছেন তিনি। যেখানে তাঁর সঙ্গী ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস, ন্যাট সিভার-ব্রান্ট ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।



















