বিশালগড়, ১২ ডিসেম্বর : বিশালগড় মহকুমার গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায় এক জমি দখল নিয়ে সাংঘাতিক জটিলতা তৈরি হয়েছে। আদালতের রায়ে জমির মালিক দক্ষিণ নিতে পারছেন না। অন্যদিকে ওই জমিতে বসবাসরতদের দাবি তাদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযোগ তুলে আজ তারা স্থানীয় জনগণদেড় নিয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে। পুলিশ এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে অর্জুন দত্তের কাছ থেকে সীমা দাস এবং বিভাস দাস বিশালগড় মহকুমার গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকায় একটি জমি ক্রয় করে। কিন্তু মৃত হরিবল দেব সরকারের পরিবার সেই জমি দখল ছাড়তে নারাজ। আদালতের রায় সহ জমির বর্তমান দুই মালিক জমি দখল করতে আসলেও বার বার বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা।
জমি মামলায় সীমা দাস এবং বিভাস দাস তিনবারের মতো আদালতের রায় নিজের পক্ষে পেয়েও এখনো জমি দখল করতে সক্ষম হননি। বৃহস্পতিবার তাঁরা জমি দক্ষিণ করতে আসলে হরিবল দেব সরকারের পরিবার স্থানীয়দের নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন।
ঘটনা সামাল দিতে বিশালগড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের বুঝিয়েও পথ ছাড়াতে ব্যর্থ হয়। অবরোধের জেরে রাস্তার দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জমির বর্তমান মালিক বিভাস দাস জানিয়েছেন, আদালত থেকে রায় পাওয়া সত্ত্বেও জমি ব্যবহার করতে পারছেন না তারা। আজও জমিতে এসে অবরোধকারীদের কাছে বাধাপ্রাপ্ত হতে হয় তাঁকে।
এদিকে মৃত হরিবল দেব সরকারের পরিবারের দাবি, ওই জমি তাদের পৈতৃক জমি। আজ জমি দখল করতে বিভাস দাস ও অন্যান্যরা পুলিশ সাথে নিয়ে এসেছে। কিন্তু ১৯৯৫ সালের জেলা শাসকের অফিস থেকে প্রাপ্ত কাগজ অনুযায়ী এই জমি মৃত হরিবোল দেব সরকারের। তাই ওই জমি ছাড়তে নারাজ তারা।



















