ম্যানচেস্টার, ২১ অক্টোবর (হি.স.) : রবিবার রাতে ম্যানচেস্টার সিটির জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল লিভারপুল। তবে ঘণ্টা তিনেকের মধ্যেই অ্যানফিল্ডে চেলসিকে হারিয়ে আবার শীর্ষে উঠে এলো লিভারপুল। লিভারপুল ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ অপরাজিত থাকার পর আবার হারের দেখা পেল চেলসি।
অ্যানফিল্ডে ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। বক্সে কার্টিস জোন্সকে চেলসির ডিফেন্ডার লিভাই কলউইল ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে কাইসাদোর থ্রু পাস থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করে সেনেগালের জ্যাকসন সমতা ফেরান। তিন মিনিট পরই কার্টিস জোনসের গোলে স্কোর ২-১ হয়। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্না স্লটের লিভারপুল। ৮ ম্যাচে ২১ পয়েন্টে নিয়ে শীর্ষে রইল লিভারপুল। আর সমান ম্যাচে ২০ পয়েন্টে নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।



















