নিজস্ব প্রতিনিধি, করিমগঞ্জ, ২০ অক্টোবর: কুশিয়ারা নদী থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আসামের করিমগঞ্জে। শনিবার বিকালে করিমগঞ্জ শহরের ভারত-বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীতে একটি ভাসমান পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করেছে।
মৃতদেহটি আইনি প্রক্রিয়া সহ ময়না তদন্তের জন্য সমঝে দেওয়া হয় করিমগঞ্জ জেলা সদর থানা পুলিশের কাছে। পুলিশি তৎপরতায় মৃতদেহটি ময়না তদন্তের তোড়জোড় চলছে। মৃতদেহে পচন ধরায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য প্রয়োজনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হতে পারে বলে জানা গেছে। মৃত ব্যক্তিটির পরিচয় জানা যায়নি। ফুল প্যান্ট ও টিশার্ট পরহিত মৃত ব্যক্তিটির বয়স অনুমানিক পয়তাল্লিশের কাছাকাছি হবে বলে ধারনা করছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে। করিমগঞ্জ শহরে মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়।



















