নয়াদিল্লি ও কলকাতা, ১ এপ্রিল (হি.স.): এপ্রিল মাসের শুরুতেই সুখবর! ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং পাঁচ কেজির ফ্রি-ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডারের দাম কমল। দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এবং এফটিএল গ্যাসের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া, পাঁচ কেজির এফটিএল সিলিন্ডারের দামও আগের চেয়ে সাড়ে ৭ টাকা কমানো হয়েছে।
মূল্য হ্রাসের পর সোমবার দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭৬৪.৫০ টাকা। মার্চ মাসে এই গ্যাসের দাম দিল্লিতে ছিল ১,৭৯৫ টাকা। দাম কমার ফলে কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম ১,৮৭৯ টাকা। মার্চে যা ছিল ১,৯১১ টাকা। মুম্বইতে ওই সিলিন্ডার মিলছে ১,৭১৭.৫০ টাকায়। মার্চে তার দাম ছিল ১,৭৪৯ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম হয়েছে ১,৯৩০ টাকা। মার্চে দাম ছিল ১,৯৬০ টাকা।



















