কলকাতা, ১৭ মার্চ (হি.স.): দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করল সিবিআই। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হামলার পর থেকেই শাহজাহান বেপাত্তা ছিলেন। সিবিআইয়ের সন্দেহ, তাঁকে গা ঢাকা দিয়ে থাকতে সাহায্য করেছেন ভাই আলমগির।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আলমগিরকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর শুক্রবার তাঁকে ফের নোটিশ পাঠিয়ে শনিবার বেলা ১১টায় হাজিরার কথা বলা হয়। সেই মতো এদিন সকালে সিবিআই দফতরে পৌঁছন আলমগির। শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর সন্তোষজনক না হওয়ায় ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে শাহজাহানের ভাইকে গ্রেফতার করেছে সিবিআই।
এদিকে, আলমগিরের সঙ্গে গ্রেফতার করা হয়েছে মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা নামে আরও ২ জনকে। তাঁরা দুজনেই সন্দেশখালি ব্লকের তৃণমূল নেতা। সূত্রের খবর, মাফুজার ও সিরাজুল শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। এনিয়ে সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় ১৪ জনকে হেফাজতে নিল সিবিআই।



















