নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন। জমি সংক্রান্ত মামলায় হেমন্তকে গ্রেফতার করেছে ইডি, এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার হেমন্তের আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, আগে হাইকোর্টে যাওয়া উচিত ছিল আপনার।
উল্লেখ্য, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে হেমন্তকে গ্রেফতার করে ইডি। এই গ্রেফতারির বিরুদ্ধে বৃহস্পতিবার শীর্ষ আদালতের শরণাপন্ন হন তিনি। এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, “আদালত সবার জন্য উন্মুক্ত এবং হাইকোর্ট সাংবিধানিক আদালত।” সুপ্রিম কোর্ট বলেছে, আমরা আবেদন গ্রহণ করতে আগ্রহী নই; হেমন্ত সোরেনকে স্বস্তির জন্য সংশ্লিষ্ট হাইকোর্টে যেতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট এদিন হেমন্ত সোরেনকে জিজ্ঞাসা করে, আপনি কেন হাইকোর্টে যাননি? সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, যিনি সোরেনের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন, বলেছেন, বিষয়টি একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত যাকে গ্রেফতার করা হয়েছে।



















