নাগাল্যান্ডের চারটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ চলছে

কোহিমা, ১ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডের চারটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ চলছে। গত ২৭ ফেব্রুয়ারি গোটা রাজ্যে ২,২৯১টি কেন্দ্রে ভোটগ্ৰহণ হয়েছে। এর মধ্যে রাজ্যের চারটি ভোট কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ জারি করে ভারতের নির্বাচন কমিশন। তবে রাজ্য নির্বাচন দফতরের কর্মকর্তারা চারটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ কেন হচ্ছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনও কারণ জানাননি।

শুধু জানানো হয়েছে ভারতের নির্বাচন কমিশনের নির্দশে আজ ১ মার্চ নাগাল্যান্ডের জুনহেবোটো নির্বাচনী এলাকার নিউ কলোনি ভোটকেন্দ্র, সানিস নির্বাচনী এলাকার পাংতি পঞ্চম, তিজিট নির্বাচনী এলাকার জাবোকা গ্রাম এবং থনোকনিউ নির্বাচনী এলাকার পথসো ইস্ট উইং-এ-তে আজ পুনঃভোট হচ্ছে। ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে, চলবে বিকাল চারটা পর্যন্ত।

রাজ্য নির্বাচন দফতরের কর্মকর্তারা চারটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ কেন হচ্ছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনও কারণ না জানালেও বলা হচ্ছে, জেনারেল অবাজার্ভাদের রিপোর্ট দাখিলের পর ভারতের নির্বাচন কমিশন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংশ্লিষ্ট চারটি ভোটকেন্দ্রে নিৰ্বাচন বাতিল ঘোষণা করেছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ ফেব্রুয়ারি ৫৯টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। ভোট পড়েছিল ৮২.৪২ শতাংশ। নাগাল্যান্ড বিধানসভা নিৰ্বাচনে ১৮৩ জন প্রার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৩১-এসি নম্বর আকুলুটো (উপজাতি তফশিলি) আসনে গত ১০ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী তথা বিধায়ক কাজহেতো কিনিমি। ওই দিন (১০ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ বিজেপি ছাড়া সব কয়টি দল এবং নির্দলীয় প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় কাজহেতো কিনিমিকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। ভোট গণনা ও ফলাফল ঘোষণা আগামীকাল ২ মার্চ।