নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ সোনামুড়া ও মেলাঘর থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার দুই কোটি টাকার নেশা সামগ্রী৷ আটক দুই জন৷ প্রতিদিন সোনামুড়া সীমান্ত এলাকার বক্সনগর,রহিমপুর, পুটিয়া, আদমপুর, কুলুবাড়ী, শ্রীমন্তপুর,ধনপুর, যাত্রাপুর, এনসিনগর ও দুর্গাপুর এলাকা দিয়ে বিভিন্ন নেশা সামগ্রী বাংলাদেশে পাচার হয়৷ রবিবার সোনামুড়া ও মেলাঘর থানা এলাকায় তার বাস্তবতা সামনে এল৷ জানা যায় গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া পুলিশ আধিকারিক সমীর রায় এবং সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথ রাতে কুলুবাড়ী এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়৷ কুলুবাড়ী এলাকার ইদ্রিস মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেইসে প্রায় ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ৷ আটক করা ব্রাউন সুগারের বাজার মুল্য প্রায় এক কোটি টাকা৷ এই অভিযানে পুলিশ দুজনকে গ্রেফতার করে৷ তাদের নাম রুবেল হোসেন, তার বাড়ি কুলুবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়৷ অপরজন নুরুল আমিন, বাড়ি বেজিমারা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়৷ অপরদিকে মেলাঘর থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ টি ইয়াবা ট্যাবলেট ও ১২০টি প্লাস্টিক ব্রাউন সুগার এবং ভারতীয় ১১,১৪০ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ৷

সোনামুড়ায় পাচারের জন্য মজুত বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার দুই
Tags:

















