আগরতলা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরার গর্ব মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়কে কেন্দ্র করেই রাজ্যে এডুকেশন হাব গড়ে তোলার প্রয়াস নিতে হবে। রাজ্যের প্রাক্তন অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রীদের সহযোগিতায় আমরা এই কলেজটিকে ‘আর্ট অব এক্সেলেন্সি’ বানাতে চাই। তবেই এম বি বি কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান উদযাপনের সার্থকতা আসবে। আজ এম বি বি কলেজের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
এদিন তিনি বলেন, এমবিবি কলেজ দেশের যেকোনও নামকরা কলেজের থেকে কোনো অংশে কম নয়। এই কলেজের সঙ্গে ত্রিপুরার বহু ইতিহাস জড়িত রয়েছে। দেশের অনেক প্রখ্যাত ব্যক্তিবর্গ এই কলেজের সান্নিধ্যে এসেছিলেন। এই কলেজ থেকেই ত্রিপুরার অনেক প্রতিভবান ব্যক্তি পড়াশুনা করে আজ দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন।
তাঁর দাবি, এমবিবি কলেজ স্থাপনে তৎকালীন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য এবং পরে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর বিশেষ অবদান রয়েছে। পরবর্তীকালে বহু প্রখ্যাত শিক্ষাবিদদের আন্তরিক প্রচেষ্টায় কলেজটি আজ ত্রিপুরার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সমস্ত মহান ব্যক্তিদের অবদানের ইতিহাসকে ধরে রাখার জন্য একটি ই-বুক তৈরী করতে উচ্চ শিক্ষা দপ্তরের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তবেই আগামী প্রজন্ম কলেজের প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত হতে পারবে। আগামীদিনেও এই কলেজ রাজ্যের গৌরবকে আরও উজ্জ্বলতর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার শিক্ষার অগ্রগতির অন্যতম ধারক ও বাহক হল এম বি বি কলেজ। এই কলেজ থেকে বহু গুণী ছাত্রছাত্রী পড়াশুনা করে বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। উচ্চশিক্ষা, কারিগরী শিক্ষা, সংস্কৃতি শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্যেই মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য এই কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।
তাঁর কথায়, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করার পর ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করে কাজ করছে। সেগুলির মধ্যে রয়েছে – ট্রিপল আই টি স্থাপন, রাজ্যের ছেলেমেয়েদের সর্বভারতীয়স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ‘লক্ষ্য’ নামক প্রকল্প চালু করা, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি স্থাপন, রাজ্যের ডিগ্রী কলেজগুলিকে ন্যাক-এর আওতায় আনার উদ্যোগ গ্রহণ ইত্যাদি।



















