নেদারল্যান্ডের সঙ্গে নয়া যুগের অংশীদারিত্বের আহ্বান, রাষ্ট্রপতি বললেন আকাঙ্খার দেশ ভারত

আমস্টারডাম, ৭ এপ্রিল (হি.স.): নেদারল্যান্ডের সঙ্গে নতুন যুগের অংশীদারিত্বের আহ্বান জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি বলেছেন, সুযোগের পাশাপাশি আকাঙ্খার দেশ হল ভারত। এখন নেদারল্যান্ড সফরে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি। তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলেছেন, “ভারত সুযোগের পাশাপাশি আকাঙ্খার দেশ। ভারত দক্ষতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ফলাফল বৃদ্ধির প্রস্তাব দেয়। আমরা নেদারল্যান্ডসকে আমাদের প্রগতির গল্পের অংশ হতে স্বাগত জানাই।” রাষ্ট্রপতি বলেছেন, “আমি ভারত ও নেদারল্যান্ডের মধ্যে একটি নতুন যুগের অংশীদারিত্বের আহ্বান জানাতে চাই৷”

রাষ্ট্রপতি আরও বলেছেন, “ভারত এবং নেদারল্যান্ড বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক বন্ধনের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদার। আমাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরে, আমরা পারস্পরিক স্বার্থের বিস্তৃত ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছি।” এর আগে নেদারল্যান্ডেই রাষ্ট্রপতি কোবিন্দ বলেছিলেন, “বিশ্বের প্রতিটি প্রান্তে ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা ভারতের অগ্রাধিকার।”