টিএসআর জওয়ানের বাড়িতে চোরের হানা৩ লাখ টাকার সামগ্রী লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ অমরপুরের মালবাসা এলাকায় এক টিএসআর জওয়ানের বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ওই টিএসআর জওয়ানের নাম প্রশান্ত জমাতিয়া৷ সংবাদ সূত্রে জানা গেছে বাড়িতে কেউ ছিল না৷ টিএসআর জওয়ানের স্ত্রী তার সন্তানকে নিয়ে প্রাইভেট টিউটরের বাড়িতে গিয়েছিল৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা বাড়িতে ঢুকে চুরির ঘটনা সংঘটিত করেছে৷


টিএসআর জওয়ান প্রশান্ত জমাতিয়ার স্ত্রী বাড়ীতে ফিরে এসে লক্ষ করেন ঘরের দরজা ভাঙ্গা৷ ঘরে ঢুকে লক্ষ করেন আলমারির তালা ভেঙ্গে আরমারি থেকে নগদ ৯০০০০ টাকা এবং যাবতীয় সোনা গয়না হাতিয়ে নিয়ে গেছে চোরেরা৷ সব মিলিয়ে তিন লক্ষাধিক টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে৷ এ ব্যাপারে বীরগঞ্জ থানার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় লোকজন রায় এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে৷ টিএসআর জওয়ানের স্ত্রী কখন তার সন্তানকে নিয়ে প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছে সেদিকে হয়তো নজর রেখে চলেছিল চোরেরা৷ সুযোগ পেতেই বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে সোনাসহ টাকা-পয়সা হাতিয়ে দিয়ে গেছে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷