News Flash

  • Home
  • Uncategorized
  • গঙ্গানগরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে নিযুক্ত তিন শ্রমিককে বন্দুকের মুখে অপহরণ
Image

গঙ্গানগরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে নিযুক্ত তিন শ্রমিককে বন্দুকের মুখে অপহরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ আবারও জঙ্গী আতঙ্কের ছায়া রাজ্যের পাহাড়ী এলাকায়৷ দিনদুপুরে বন্দুকের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে গিয়েছে জঙ্গীরা৷ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ধলাই জেলার গঙ্গানগর থানার অধীন মালদা কুমার রোয়াজা পাড়ার হরিয়ামনি এলাকায়৷ অপহৃতরা ওই এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে নিযুক্ত৷ অপহরণের ঘটনার খবর পেয়ে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর জওয়ানরা চিরুনী তল্লাসী চালিয়েছে৷ কিন্তু, রাতে খবর লেখা পর্যন্ত কোন হদিশ পাওয়া যায়নি অপহৃতদের৷ এমনকি মুক্তিপণ সংক্রান্ত কোনও তথ্যও প্রকাশ্যে আসেনি৷ এদিকে, রাজ্য পুলিশের মহানির্দেশক বিএসএফের আইজির সাথে বৈঠক করেছেন এবং গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷


সংবাদে প্রকাশ, গঙ্গানগরের মালদা কুমার রোয়াজা পাড়ার হরিয়ামনি এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে৷ এলাকাটি গভীর জঙ্গল৷ প্রতিদিনকার মত সেখানে শ্রমিকরা কাজ করছিলেন৷ তখন সাইট সুপারভাইজার সুভাষ ভৌমিক, জেসিবি চালক সুবল দেবনাথ এবং লেবার সর্দার গণপতি ত্রিপুরা পানীয় জল সংগ্রহ করার জন্য পাশের একটি ছড়ায় যায়৷ ছড়াটি লুঙ্গা এলাকায় এবং এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা৷
জল আনতে সেখানে যেতেই পাহাড়ের উপর থেকে পাঁচজন সশস্ত্র জঙ্গী ছড়ার কাছে আসে৷ তখন পাহাড়ের উপর আরও তিনজন জঙ্গী ছিল৷ ছড়ায় এসে সেকেরকোটের বাসিন্দা সুভাষ ভৌমিক, বিশালগড়ের বাসিন্দা সুবল দেবনাথ এবং গন্ডাছড়ার বাসিন্দা গণপতি ত্রিপুরাকে বন্দুকের মুখে জোর করে অপহরণ করে পাহাড়ের উপরে উঠে গভীর জঙ্গলের দিকে চলে যায়৷
এদিকে, দীর্ঘ সময় যাবৎ এই তিনজন জল নিয়ে ফিরে না আসায় অন্যান্য শ্রমিকরা ছড়ার দিকে ছুটে যায়৷ বহু খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে প্রায় দুইশ মিটার দূরত্বে বিএসএফ ক্যাম্পে ছুটে যান এবং বিষয়টি বিএসএফ কর্তৃপক্ষকে জানান৷ যে এলাকায় বিএসএফের ক্যাম্পটি রয়েছে সেটির নাম বিশ্বাস বিওপি৷ সেখানে কর্মরত রয়েছে বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা৷ অপহরণের ঘটনার খবর পেয়ে বিএসএফ জওয়ানরা বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান৷ খবর দেওয়া হয় ধলাই জেলার পুলিশ সুপার, আমবাসা মহকুমা পুলিশ আধিকরীক এবং গঙ্গানগর থানায়৷ সাথে সাথেই তাঁরা বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ আশাপাশের এলাকায় চিরুনী তল্লাসী চালানো হয় বিএসএফের সহযোগিতায়৷


জানা গিয়েছে, যে এলাকা থেকে ওই তিনজনকে অপহরণ করা হয়েছে সেটি ইন্দো-বাংলা সীমান্তের ২২৭৭-২২৭৮ পিলারের মাঝখানে৷ ওই এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়নি৷ আশঙ্কা করা হচ্ছে ওই উন্মুক্ত এলাকা দিয়েই জঙ্গীরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে৷ আরও জানা গিয়েছে, ওই সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে খাগড়াছড়ি রেঞ্জ শুরু হয়ে যায়৷ আর খাগড়াছড়ি রেঞ্জে জঙ্গীদের বহু ঘাঁটি রয়েছে৷ সেখানে জঙ্গীদের ক্যাম্পে আগ্ণেয়াস্ত্রের প্রশিক্ষণও হয়৷ ইতিপূর্বে বাংলাদেশ সরকারের তরফ থেকে খাগড়াছড়ির গভীর জঙ্গলে অভিযান চালিয়ে জঙ্গী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল৷ এখনও কিছু ঘাঁটি রয়েছে বলে বিএসএফের কাছে পাকাপোক্ত তথ্য রয়েছে৷


এদিন,অপহরণের ঘটনার পরপরই রাজ্য পুলিশের মহানির্দেশক বিএসএফের আইজি-কে গোটা ঘটনার রিপোর্ট চেয়েছিল৷ কিন্তু, সন্ধ্যা পর্যন্ত কোন রিপোর্ট দিতে পারেননি বিএসএফের আইজি৷ সন্ধ্যার পর বিএসএফের আইজির সাথে বৈঠক করেন পুলিশের মহানির্দেশক৷ দীর্ঘ সময় চলে তাঁদের মধ্যে আলোচনা৷ রাত পর্যন্ত পুলিশ কিংবা বিএসএফ কোন হদিশ পায়নি অপহৃতদের, জঙ্গীদের ধরা তো দূরের কথা৷ প্রসঙ্গত, এডিসি নির্বাচনের প্রাককালে পাহাড়ে জঙ্গী তৎপরতা বিভিন্ন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top