News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় স্বেচ্ছায় পরিষেবা প্রদানে ইচ্ছুক ৬০ জন চিকিৎসক ও ১০০ জন নার্সকে নিযুক্তি দেওয়া হয়েছে
Image

করোনা মোকাবিলায় স্বেচ্ছায় পরিষেবা প্রদানে ইচ্ছুক ৬০ জন চিকিৎসক ও ১০০ জন নার্সকে নিযুক্তি দেওয়া হয়েছে

আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.)৷৷ ত্রিপুরায় করোনা পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত স্বেচ্ছায় পরিষেবা প্রদানে ইচ্ছুক ৬০ জন চিকিৎসক এবং ১০০ জন নার্সকে নিযুক্তি দেওয়া হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের চিঠির জবাবে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ত্রিপুরার দুটি মেডিক্যাল কলেজ থেকে উত্তীর্ণ এমবিবিএস বেকার ডাক্তারদের নিয়োগ, তাঁদের সাথে সাক্ষাৎকার ও কোভিড পরিস্থিতিতে পরিষেবা প্রদান সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেন বিরোধী দলনেতা মানিক সরকার৷


সেই চিঠির জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, ত্রিপুরা সরকার চিকিৎসা পরিষেবার উন্নয়নে দায়বদ্ধ এবং তাকে জনমুখি করতে সর্বদা প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ গত ৩১ মাসে রাজ্যের জনগণ তা উপলব্ধি করতে পারছেন৷ বেকার চিকিৎসকদের বিষয়ে সরকারের ভাবনাচিন্তা রয়েছে৷ এ বিষয়ে অহেতুক উৎকণ্ঠার কোনও কারণ নেই৷ পরিস্থিতির গুরুত্ব অনুসারে ত্রিপুরা সরকার কিছু কিছু ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়া যে জারি রেখেছে তা সংশ্লিষ্টদের অজানা নয়, বলেন তিনি৷
তাঁর দাবি, ত্রিপুরা সরকার কোভিড পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট আন্তরিক এবং প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রেখে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ফলেই অনেকটা সুবিধাজনক অবস্থায় আসা সম্ভব হয়েছে৷ এক্ষেত্রে চিকিৎসক সহ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সকলস্তরের কর্মীদের ভূমিকা অপরিসীম৷ পাশাপাশি জনগণের সচেতনতাই এই সময়ের মুখ্য বিষয়৷
মুখ্যমন্ত্রী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিরোধী দলনেতাকে বলেন, ত্রিপুরা মেডিক্যাল কলেজ থেকে উত্তীর্ণ এমবিবিএস বেকার চিকিৎসকগণ স্মারকলিপি প্রেরণের আগেই গত মে মাস থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষে স্বেচ্ছায় পরিষেবা প্রদানে ইচ্ছুক চিকিৎসক এবং সেই সঙ্গে নার্সদের কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সে অনুসারে ২০ মে থেকে ১২১ জন অ্যালোপ্যাথ, আয়ুর্বেদ, হোমিওপ্যাথ ও ডেন্টাল সার্জনকে স্বেচ্ছা পরিষেবা প্রদানের ক্ষেত্রে যুক্ত করা হয়েছে৷ কিন্তু তখন এমবিবিএস উত্তীর্ণরা সব স্বেচ্ছা পরিষেবা প্রদানের ক্ষেত্রে যুক্ত হতে চাননি৷


তিনি জানান, দু-দফায় ইচ্ছুক ৬১ জন এমবিবিএস উত্তীর্ণদেরকে যুক্ত করা হয়েছে৷ পাশাপাশি আয়ুর্বেদ, হোমিওপ্যাথ ও ডেন্টাল সার্জনদের যুক্ত করা হয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনেই এই নিযুক্তি হয়েছে৷ সেই সঙ্গে ১০০ জন নার্সকেও যুক্ত করা হয়েছিল৷ তাঁর আরও দাবি, অন্যান্য রাজ্যেও এভাবে স্বেচ্ছায় পরিষেবা প্রদানে ইচ্ছুক চিকিৎসক এবং সেই সঙ্গে নার্সদের কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে যুক্ত করার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে৷
তিনি বলেন, স্বেচ্ছায় চিকিৎসা পরিষেবা প্রদানকারী চিকিৎসকদের প্রত্যেককেই সাতদিনের জন্য ৫০,০০০ টাকা এবং নার্সদের ২০,০০০ টাকা সাম্মানিক প্রদান করা হয়েছে৷ ইতিমধ্যেই তাঁদের প্রাপ্য সাম্মানিক মিটিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু দেখা গেছে, স্বেচ্ছায় চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে সরাসরি সুযোগ থাকলেও অধিকাংশ চিকিৎসকই সেই সুযোগ গ্রহণ করেননি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেয়ে বরং জনস্বার্থে কোভিড চিকিৎসায় এগিয়ে আসা জরুরি, বলেন তিনি৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে যখন চিকিৎসক নিয়োগ করা হবে তখন আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা প্রদানকারী চিকিৎসকদের ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে স্পষ্ট, ত্রিপুরার মেডিক্যাল কলেজ থেকে উত্তীর্ণ চিকিৎসকদের ক্ষেত্রে রাজ্য সরকারের সদর্থক চিন্তা-ভাবনা রয়েছে৷ যথাসময়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে৷
তিনি জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের (ত্রিপুরা) পক্ষ থেকে ইতিমধ্যেই ২৭৪ জন চুক্তিবদ্ধ চিকিৎসক নিযুক্ত করা হয়েছে৷ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে ১৪৯ জন এমবিবিএস অ্যাডহকভুক্তকে নিয়মিত এবং ১৩৯ জন নতুন এমবিবিএস উত্তীর্ণদের নিযুক্তির সিদ্ধান্ত নেওয়া এবং তা বাস্তবায়ন হয়েছে৷ তাঁর দাবি, ২০১৮ সালের আগে থেকেই এমবিবিএস উত্তীর্ণ ও নিযুক্তির মধ্যে ফারাক চলে আসছে৷ এটি নতুন কোনও বিষয় নয়৷ সুতরাং এ নিয়ে অহেতুক বিভ্রান্ত হওয়া উচিত হবে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top