নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল কংগ্রেস। এই তালিকায় তারকা প্রচারক হিসেবে স্থান পেয়েছে দলের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ ৩০ জন নেতা-নেত্রী। তারকা প্রচারকদের তালিকায় কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও নাম রয়েছে।
কংগ্রেসের প্রকাশিত তারকা প্রচারকদের তালিকা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচনে নিজেদের সমস্ত কিছু দিয়ে ঝাঁপাতে চাইছে এই শতাব্দীপ্রাচীন দলটি।দলের প্রথম শ্রেণীর প্রাজ্ঞ নেতা-নেত্রীদের ভিড় তারকা প্রচারকদের তালিকায় সেই ইঙ্গিত বহন করছে।এই তালিকায় সোনিয়া গান্ধীর নাম দেখে বিস্মিত হয়েছে অনেকে। কারণ শারীরিক অসুস্থতার জন্য সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসা করিয়ে ফিরেছেন সোনিয়া গান্ধী।এদিন দলের সংগঠন সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল এই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই এই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে. তবে এটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না এই তালিকার মধ্যে থাকা কোন কোন নেতা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সমাবেশ করবেন আর কোন নেতা সশরীরে প্রচারে আসবেন।
তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, গুলাম নবি আজাদ, ভূপেশ বাঘেল, শাকিল আহমেদ, রণদীপ সিং সূর্যেওয়ালা, তারিক আনোয়ার, শত্রুঘ্ন সিনহা প্রমূখ।



















