News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত একজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালেই ঝরে গেল দুটি তরতাজা প্রাণ৷ হাইস্পিড বাইক এবং পণ্য বোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো শান্তু বিশ্বাস ও প্রসেনজিত সরকার নামে দুই যুবক৷ সোমবার বিকেলে এই ঘটনাটি হয়েছে রাজধানী সংলগ্ণ বড়জলা এলাকায়৷ খবর পেয়ে পুলিশ ও দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার পরই পালিয়ে যায় অটো চালক৷


সড়ক দুর্ঘটনা যেন কিছুতেই হ্রাস পাচ্ছে না রাজ্যে৷ প্রতিদিনই কোন না কোন জায়গায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে নিরীহ পথচারী থেকে শুরু করে যান চালকদের৷ সেই সঙ্গে দুর্ঘটনায় বাড়ছে পঙ্গু মানুষের সংখ্যাও৷ কিন্তু এরপরেও লাগাম টানা যাচ্ছে না দুর্ঘটনার৷ লকডাউনের মধ্যেও রুটিন করে এসব মর্মান্তিক ঘটনা ঘটে চলছে৷ মাত্র রবিবার বিকেলে রানীরবাজার থানাধীন জাতীয় সড়কের কড়ইবন এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছিল এক যুবক৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরো একটি দুর্ঘটনা কেড়ে নিলো দুই যুবকের তরতাজা প্রাণ৷ বেপরোয়া চালনার খেসারত দিতে হল তাদের৷ একেবারে বেঘোরে প্রাণ গেল বাইক চালক ও আরোহী দুজনের৷ দ্রুতগামী পণ্যবাহী অটো এবং হাইস্পিডের বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় এক যুবক৷ অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়৷


সোমবার বিকেলে মর্মান্তিক ও বেদনাদায়ক এই ঘটনাটি সংঘটিত হয়েছে রাজধানী সংলগ্ণ বড়জলা সড়কের রামঠাকুর আশ্রম সংলগ্ণ এলাকায়৷ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, এদিন আগরতলা শহরের উদ্দেশ্যে একটি হাইস্পিডের বাইক নিয়ে দ্রুতগতিতে আসছিল দুই যুবক৷ বিপরীত দিক থেকে যাচ্ছিল একটি বেপরোয়া পণ্যবাহী অটো৷ আশ্রম সংলগ্ণ এলাকায় পৌঁছতেই বাইক ও অটোর মধ্যে প্রচন্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়৷ বিকট আওয়াজ পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন৷ ঘটনাস্থলে এসে তারা দেখতে পায় রক্তে ভেসে যাচ্ছে আশপাশ এলাকা৷ দুই যুবক বাইক থেকে ছিটকে গিয়ে রক্তাত্ত অবস্থায় কাতরাচ্ছে সেখানে৷ সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দেয় পুলিশ ও দমকল অফিসে৷
খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে দমকলের গাড়ি৷ কিন্তু ততক্ষণে স্পটেই প্রাণ হারায় শান্তু বিশ্বাস নামে এক যুবক৷ দুজনকেই উদ্ধার করে দমকলের কর্মীরা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিত সরকার নামে আরো একজনকে মৃত বলে ঘোষণা করেন৷ অপরদিকে ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অটো চালক৷ এই ঘটনায় এনসিসি থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷


এদিকে, ধলাই জেলার মানিক ভান্ডারে পথদুর্ঘটনায় এক বাইক চালক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত বাইক চালকের নাম রাহুল দেববর্মা৷ তার বাড়ি রাঙ্গিছড়া এলাকায়৷ রবিবার রাতে দুরাই শ্যামরাই থেকে বাইকে করে নিজ বাড়িতে যাচ্ছিল৷ বাইক নিয়ে দ্রুতবেগে যাবার সময় রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়৷ তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ এ ব্যাপারে থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ ঘটনার তদন্ত ক্রমে পুলিশ জানিয়েছে বাইক চালক রাহুল দেববর্মা প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিল৷ মদমত্ত অবস্থায় দ্রুত বেগে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে৷ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top