News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাই থেকে আসা এম্বুলেন্স চালক করোনা আক্রান্ত, চিন্তিত রাজ্য
Image

চেন্নাই থেকে আসা এম্বুলেন্স চালক করোনা আক্রান্ত, চিন্তিত রাজ্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ আগরতলা, ২৯ এপ্রিল৷৷ আবারও করোনা আতঙ্কের ছায়া দেখা দিয়েছে রাজ্যে৷ চেন্নাই থেকে এম্বুলেন্সে দুই পরিবার রাজ্যে ফিরেছেন৷ ওই এম্বুলেন্সের চালক করোনা আক্রান্ত হিসেবে রিপোর্ট এসেছে৷ তাতে উদয়পুর ও বাইখোরা নিবাসী দুই পরিবারকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাদের প্রতিবেশীদেরও নজরদারীতে রাখা হয়েছে৷ বহিঃরাজ্য থেকে রাজ্যে ফিরে করোনার সংকেত চিন্তা বাড়াল তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি আজ সাংবাদিকদের বলেন, রাজ্যে করোনা আক্রান্তের সমস্ত ঘটনা বহিঃরাজ্য থেকে প্রবেশের কারণেই ঘটেছে৷


এই বিষয়ে গোমতী জেলা শাসক টি কে দেবনাথ বলেন, গত সোমবার চেন্নাই থেকে এম্বুলেন্সে রাজ্যের দুই পরিবার ফিরেছেন৷ ওইদিন অনেক রাতে তারা উদয়পুরে পৌঁছেছিলেন৷ তাই, ওইদিন উদয়পুর এবং বাইখোরার দুই পরিবারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ সাথে এম্বুলেন্সের দুই চালকদেরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তিনি জানান, তাদের করোনা আক্রান্তের কোনও লক্ষণ না হওয়ায় গতকাল নমুনা সংগ্রহের পর পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে বাড়িতে বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷ গোমতী জেলা শাসক বলেন, এম্বুলেন্স চালকদের ২৮ এপ্রিলের মধ্যেই ত্রিপুরা ছাড়তে হবে এমন শর্তের কারণে তারা তামিলনাড়ুর উদ্দেশ্যে রওয়ানা দেন গতকালই৷ আজ তাদের রিপোর্ট এসেছে৷ তাতে এম্বুলেন্সের একজন চালক করোনা পজেটিভ হিসেবে পাওয়া গিয়েছে৷ বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


গোমতী জেলা শাসক বলেন, টিএন-০৭-এবি-৭২২১ নম্বরের এম্বুলেন্সটি আজ পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি থেকে আশি কিমি দূরে বীরপাড়া এলাকায় আটকানো হয়েছে৷ এম্বুলেন্সের দুইজন চালককেই সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ আজ গোমতী জেলা শাসক জানিয়েছেন, উদয়পুর নিবাসী ওই পরিবারকে বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ উদয়পুরের অমরসাগর দক্ষিণ পাড়স্থিত পুলিশ সুপারের সরকারী আবাসনের বিপরীতে অবস্থিত ওই পরিবারের এক প্রতিবেশীর বাড়িকেও কোয়ারেন্টাইন করা হয়েছে৷ পাশাপাশি ওই পরিবারের রক্ষণাবেক্ষণে থাকা ব্যক্তির বাড়িটিও কোয়ারেন্টাইন করা হয়েছে৷ তিনি বলেন, আগামীকাল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক ওই এলাকা পরিদর্শনে পরীক্ষা নিরীক্ষা করবেন৷ তারপর প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেবেন৷ সেই মোতাবেক বিজ্ঞপ্তি জারী করা হবে৷ সেক্ষেত্রে আরও কোনও বাড়ি কোয়ারেন্টাইন করা প্রয়োজন কিনা তা আগামীকাল স্থির হবে৷


এদিকে, বাইখোরা নিবাসী চেন্নাই থেকে ফেরা ওই পরিবারকেও বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ আগামীকাল ওই পরিবারের আশেপাশে আরও বাড়ি কোয়ারেন্টাইন করা প্রয়োজন আছে কিনা সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে৷
এদিন সন্ধ্যায় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা এখনও বিপদমুক্ত বলেই মনে করা হচ্ছে৷ কিন্তু, নিশ্চিন্তে থাকার সুযোগ নেই৷ তাঁর বক্তব্য, লক্ষণহীন অনেকেই দেশে করোনা আক্রান্ত হিসেবে চিহ্ণিত হয়েছে৷ ফলে, কোয়ারেন্টাইনের সময়সীমা সমাপ্ত না হওয়া পর্যন্ত ত্রিপুরা বিপদমুক্ত বলে মনে করা যাচ্ছে না৷ তাঁর কথায়, এই ঘটনা বহিঃরাজ্যে যারা আটকে রয়েছেন তাদের ফিরিয়ে আনার বিষয়েও প্রশ্ণ তুলেছে৷ কারণ, ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সমস্ত ঘটনাই বহিঃরাজ্য থেকে আসার ফলেই ঘটেছে৷


শিক্ষামন্ত্রীর বক্তব্যে বহিঃরাজ্য থেকে যারা ত্রিপুরায় ফিরছেন তারা কতটা বিপদমুক্ত সেই প্রশ্ণ উঠা অস্বাভাবিক নয় বলেই মনে হচ্ছে৷ কারণ, বহিঃরাজ্যে লকডাউনে দিশেহারা ত্রিপুরার নাগরিকদের বোঝার সুযোগ নেই যে গাড়িতে তারা ত্রিপুরায় ফিরবেন ওই গাড়ির চালক করোনা মুক্ত কিনা৷ ফলে, নিজ উদ্যোগে রাজ্যে ফেরাও অত্যন্ত ঝুকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এক্ষেত্রে রাজ্য সরকার নতুন চিন্তাধারা করবে কিনা সেই প্রশ্ণও উঠেছে৷ কারণ, শিক্ষামন্ত্রী আজ জানিয়েছেন, সর্বদলীয় বৈঠকেও এই বিষয়টি নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top