News Flash

  • Home
  • Uncategorized
  • চারজনের অস্বাভাবিক মৃত্যু
Image

চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ উদয়পুর, ১৩ মার্চ৷৷ রাজ্যের পৃথক স্থানে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ কাকড়াবনে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে খুন করে ফাঁসিতে আত্মহত্যা করলেন মা৷ অন্যদিকে, সিধাই মোহনপুরে এক যুবতীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পৃথক স্থানে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাগুলিকে কেন্দ্র করে জনমনে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ কি কারণে এই মৃত্যু, এনিয়ে চলছে জোর আলোচনা৷


কাকড়াবন থানার অধীন শামুক ছড়া এডিসি ভিলেজের বাসিন্দা আন্দোলন দেববর্মার স্ত্রী যমুনা দেববর্মা (২৫) তার সাত বছরের মেয়ে জবা দেববর্মা এবং চার বছরের ছেলে অঙ্কুশ দেববর্মাকে বিষ খাইয়ে হত্যা করেছে৷ তারপর যমুনা বাড়িতেই একটি গাছে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ গোটা বিষয়টি আবিস্কার করেন আন্দোলন দেববর্মা৷ তিনি পেশায় দিনমজুর৷ অন্যান্যদিনের মতো এদিন সকালেও তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বেড় হয়ে যান৷ দুপুর বারোটা নাগাদ তিনি বাড়িতে এসে দেখতে পান ঘরের মধ্যে তার ফুটফুটে দুটি সন্তানের মৃতদেহ পড়ে রয়েছে৷ মুখ দিয়ে লালা বেড়িয়ে আছে৷ স্ত্রীকে ডাকাডাকি করতে গিয়ে দেখেন গাছের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে স্ত্রী যমুনার মৃতদেহ৷


এরপর তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান৷ মুহুর্তের মধ্যেই খবর চলে যায় কাকড়াবন থানায়৷ থানার ওসি খোকন সাহা পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ খবর পেয়ে সেখানে যান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব নাগ, এসডিপিও ধ্রুব নাথ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টেপানিয়স্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ এদিন সন্ধ্যা হয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি৷ শনিবার ময়নাতদন্ত করা হবে৷


এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা শামুক ছড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছে গৃহস্বামী আন্দোলন দেববর্মা পেশায় দিনমজুর৷ প্রায়শই মদ্যপ অবস্থায় থাকে৷ বাড়ি ঘরে অশান্তি লেগেই থাকে৷ আয় রোজগারেরও তেমন কোন রাস্তা নেই৷ অভাব অনটন লেগেই থাকত৷ আশঙ্কা করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে আত্মঘাতী হলেন গর্ভধারিনী মা৷
বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে খালি কৃষিজমিতে এক যুবতীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ যুবতীটিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, নাকি খুন করার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, পুলিশ তার তদন্ত করছে৷ ওই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে পুলিশ আটক করেছে৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ কারণ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷


পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন রাঙ্গাছড়া গ্রামে খালি জমিতে শুক্রবার সকালে এক যুবতীর অগ্ণিদগ্দ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ বছর বাইশের ওই যুবতী গতকাল বিকেলে কেনাকাটার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ তার পর আর বাড়ি ফেরেননি৷ রাঙ্গাছড়া গ্রামের ওই যুবতীর পরিবার গতকাল রাতেই সিধাই থানার দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাঁদের কোনও সহযোগিতা করেনি বলে মৃতার মা সীমা দেব অভিযোগ করেছেন৷ তিনি বলেন, স্থানীয় বাসিন্দা গাড়ি চালক সৌরভ পালের কাছে তাদের মেয়ের মোবাইল রয়েছে৷ তাঁদের ধারণা সৌরভ মেয়েকে খুন করেছে৷ যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গাড়ি চালক সৌরভ পালকে আটক করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ৷
তবে ওই যুবতীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে নাকি খুন করার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, তা এখনও পুলিশ জানাতে পারেনি৷ নৃশংস এই খুনের পেছনে কী কারণ থাকতে পারে, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ৷ ওই ঘটনা নিয়ে পুলিশের কোনও আধিকারিক মন্তব্য করতে রাজি হননি৷


অন্যদিকে, নারী নির্যাতন ক্রমাগত বৃদ্ধি পাওয়াই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডিওয়াই এফ আই এবং নারী সমিতি৷ দুটি সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন বন্ধ করতে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ শুক্রবার আগরতলায় নারী নির্যাতন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সামিল হয়ে তিনি বলেন, নারী নির্যাতন বন্ধে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে৷ সমাজদ্রোহীদের রুখতে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ৷ এইসব কাজকর্মে শাসক দল মদত যোগাচ্ছে বলে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন৷ সে কারণেই সমাজদ্রোহীরা স্বাধীনভাবে এই সব ঘটনা ক্রমাগত সংগঠিত করে চলেছে বলে অভিযোগ করেন তিনি৷ মোহনপুরে বাইশ বছরের তরুণীকে আগুনে পুড়িয়ে নৃসংশভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে৷ রাজ্যে নারী নির্যাতন বন্ধ করতে রাজ্য সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বত্রাধ্য হবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top