News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে, সংক্রমণ রুখতে তত্পর বিভিন্ন রাজ্য
Image

করোনা নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে, সংক্রমণ রুখতে তত্পর বিভিন্ন রাজ্য

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): কোভিড-১৯ নভেল করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে ভারতে| বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৭৪, শুক্রবার আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫-এ| দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ সন্দেহে পরীক্ষা চলছে প্রতিনিয়ত| আপাতত দিল্লি, হরিয়ানা, কেরল, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে করোনা-আক্রান্তের সন্ধান মিলেছে| করোনা-আতঙ্কে ত্রস্ত ভারতের বিভিন্ন রাজ্য| করোনাকে ‘বিপর্যয়’ ঘোষণা করেছে ওডিশা সরকার| করোনা-আতঙ্কে বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন| দিল্লিতে আইপিএল-এর কোনও ম্যাচ হবে না বলে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া|

ওডিশা : কোভিড-১৯ নভেল করোনাভাইরাসকে ‘বিপর্যয়’ ঘোষণা করেছে নবীন পট্টনায়েক সরকার| করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগামী ২৯ মার্চ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে ওডিশা বিধানসভার অধিবেশন| শুক্রবার বিধানসভায় ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, শুক্রবার সকালে বৈঠক বসেছিল রাজ্য মন্ত্রিসভা, ওই বৈঠকেই দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১৫ অনুযায়ী কোভিড-১৯-কে ‘বিপর্যয়’ ঘোষণা করা হয়েছে| একইসঙ্গে করোনা-সংক্রমণ রুখতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে ওডিশা সরকার| বিধানসভায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, পূর্ব নির্ধারিত পরীক্ষা ছাড়া, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান| এছাড়াও সিনেমা হল, সুইমিং পুল এবং ব্যামাগারও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে| মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আরও জানিয়েছেন, সেমিনার, কর্মশালা, সম্মেলনের মতো সরকারি সমাবেশ ৩১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে| ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ প্রভৃতি বিষয়গুলি স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে|

দিল্লি :  করোনা সংক্রমণ রুখতে দিল্লিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত পাবলিক সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার| স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর, দিল্লি সরকার জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লিতে সমস্ত পাবলিক সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে| দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত দিল্লিতে সমস্ত ধরনের বড় ইভেন্ট, সম্মেলন এবং খেলা নিষিদ্ধ করা হয়েছে| দিল্লিতে আইপিএল-এর কোনও ম্যাচ হবে না বলেও জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া|

পশ্চিমবঙ্গ : পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে নজরদারি, স্ক্রিনিং| কলকাতা বিমানবন্দরে স্ক্রিনিং আরও কড়াকড়ি করা হয়েছে| করোনা-সন্দেহে ইটালির এক দম্পতিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল| তবে সংক্রমণ না মেলায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে| শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘করোনাভাইরাস যতক্ষণ না পর্যন্ত বিদায় নিচ্ছে, ততক্ষণ করমর্দন করবেন না| মানুষ মানুষকে স্পর্শ করলে এই ভাইরাস ছড়ায়, জন্তুদের স্পর্শ করলে নয়| তাই নমস্তে করুন|’

উত্তর প্রদেশ : উত্তর প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে| করোনাভাইরাস-এর প্রেক্ষিতে শুক্রবার লখনউয়ের লোক ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আগামী ২২ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে| ২২ মার্চ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে|

জম্মু-কাশ্মীর : জম্মু ও কাশ্মীরের পাঁচটি জেলা-জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর ও রিয়েসিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রাথমিক স্কুল, সিনেমা হল, অঙ্গনওয়াড়ি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে| শুক্রবার জম্মু ও কাশ্মীরের স্পোর্টস কাউন্সিল জানিয়েছে, পরবর্তী নির্দেশ পর্যন্ত, আগামী ৩১ মার্চ অবধি জম্মু প্রদেশের সমস্ত স্পোর্টস সেন্টারে খেলা ও কোচিং বন্ধ থাকবে| জম্মু-কাশ্মীরে করোনাভাইরাস সংক্রান্ত নোডাল অফিসার শাফকত খানকে করোনা সন্দেহে কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে|

উত্তরাখণ্ড : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, বিদেশি পর্যটকদের হোটেলে থাকতে দেওয়ার আগে সুরক্ষা সম্পর্কিত সমস্ত বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে হোটেল কর্তৃপক্ষকে| আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে| মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ভয় পাবেন না, উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সন্ধান মেলেনি|

৩১ মার্চ পর্যন্ত দিল্লির জেএনইউ-তে সমস্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| জেএনইউ-র রেজিস্টার জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ক্লাস, প্রেজেনটেশন এবং পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে| এই সময়ের মধ্যে জেএনইউ ক্যাম্পাসে সেমিনার, কনফারেন্স এবং কর্মশালার মতো ইভেন্টও স্থগিত থাকা উচিত|

সেন্ট্রাল রেলওয়ে : করোনার প্রেক্ষিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চলতি মার্চ মাসে, জনগণের জন্য বন্ধ থাকবে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের হেরিটেজ মিউজিয়াম|

বিশিষ্টদের মতামত :

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করেছে| খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে মোটেও নয়| আইপিএল এমনই একটি খেলা যেখানে প্রচুর সংখ্যক মানুষ আসেন, তাই আমি মনে করি এবং আশা করি আইপিএল পিছিয়ে দেওয়া যেতে পারে|

বিজেপি নেত্রী মানেকা গান্ধী : বেশ কিছু সরকারি স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে আমি অনেক অভিযোগ পেয়েছি যে, তাঁরা করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা হিসেবে জনগণকে পশুদের স্পর্শ না করার পরামর্শ দিচ্ছেন| জীবজন্তুর মাধ্যমে এই ভাইরাস আদৌ ছড়ায় না| ওই সমস্ত দফতরের কাছে আমার অনুরোধ, মিথ্যে ছড়াবেন না|

বিজেপি সাংসদ হেমা মালিনী : প্রত্যেকের সাবধান ও সুরক্ষিত থাকা উচিত এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকা উচিত| ভিসা বাতিল করা হয়েছে, এটা খুবই ভাল ব্যাপার| হোয়াটসঅ্যাপে রসিকতা করা হচ্ছে, ‘করোনা, মারোনা’, এই বিষয়টিকে হালকাভাবে মেনে নেওয়া উচিত নয়|

কেন্দ্রীয় মন্ত্রী তথা অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে, সংসদের অধিবেশনের দিন কমিয়ে আনা উচিত| সরকারের এ বিষয়ে চিন্তা করা উচিত|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top