নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : এবার থেকে এয়ার ইন্ডিয়ায় বিনিয়োগ করতে পারবেন প্রবাসী ভারতীয়রা। বুধবার এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসী ভারতীয়রা এয়ার ইন্ডিয়ায় একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করতে পারবে। এর জন্য পরিবর্তন করা হবে এফডিআই নীতি।
মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, সরকার কৌশলগত ভাবে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে চলেছে। প্রবাসী ভারতীয়রাও এতে অংশগ্রহণ করতে পারবে। মন্ত্রিসভার বৈঠকে এর পথ বাতলানো হয়েছে। এখন থেকে প্রবাসী ভারতীয়রা একশো শতাংশ বিনিয়োগ করতে পারবে। তার জন্য পরিবর্তন করা হবে নিয়ম। শিডিউল এয়ারক্রাফট অপারেটর, ওনারশিপ ইফেকটিভ কন্ট্রোলের জন্য প্রবাসীরা বিনিয়োগ করতে পারছিলেন না। নিয়মের পরিবর্তনের হলে এখন সেটা তারা পারবেন। এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পাবে।



















