নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় প্রাণ হারালেন একজন গোয়েন্দা অফিসার| বুধবার উত্তর-পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকায় নর্দমা থেকে উদ্ধার করা হয় আইবি অফিসারের দেহ| মৃত ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) অফিসারের নাম হল-অঙ্কিত শর্মা| মনে করা হচ্ছে, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে এবং মারধরের জেরেই মৃত্যু হয়েছে আইবি অফিসার অঙ্কিতের| দিল্লি পুলিশ সূত্রের খবর, কেন্দ্রীয় দিল্লির বাসিন্দা অঙ্কিত শর্মা মঙ্গলবারই বাড়ি ফিরছিলেন| সেই সময় চাঁদ বাগ ব্রিজের কাছে একদল লোক তাঁর উপর হামলা চালায়| বেধড়ক মারধর করে তাঁকে নর্দমায় ফেলে দেওয়া হয়| সেখানেই তাঁর মৃত্যু হয়|
পরিবার সূত্রের খবর, মঙ্গলবার বাড়ি ফেরার কথা ছিল অঙ্কিতের| রাত হয়ে যাওয়ার পরেও সে বাড়ি ফেরেনি| যোগাযোগ করেও কোনও অঙ্কিতের কোনও সন্ধান পাওয়া যায়নি| এরপর বুধবার সকালে চাঁদ বাগ এলাকায় নর্দমা থেকে অঙ্কিতের দেহ উদ্ধার হয়| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ|
গত ৪ দিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-বিরোধী এবং সিএএ-পন্থীদের মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ রাজধানী দিল্লির উত্তর-পূর্ব| ইতিমধ্যেই একজন হেড পুলিশ কনস্টেবল-সহ ২২ জনের মৃত্যু হয়েছে| এবার আইবি অফিসারের দেহ উদ্ধার হল| উত্তর-পূর্ব দিল্লিতে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী| দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক জানিয়েছেন, উত্তর-পূর্ব দিল্লির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে| অধিক সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে| মানুষের মধ্যে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করা হচ্ছে|

