News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল : ভাবাবেগ বুঝতে মহাবৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

নাগরিকত্ব সংশোধনী বিল : ভাবাবেগ বুঝতে মহাবৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তর পূর্বাঞ্চলের হাওয়া বুঝতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাই, মহাবৈঠকের ডাক দিয়েছেন তিনি৷ শুক্রবার রাত নয়টায় তাঁর সরকারি বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে৷ চলবে শনিবারও৷ তাতে রাজ্য থেকে আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস, সিপিএম, আইএনপিটি, আইপিএফটি-সহ রাজ্যের ছাত্র সমাজ, আইন বিশেষজ্ঞ, এনজিও, জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের পাশাপাশি রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণও৷ প্রস্তাবিত বৈঠকে যোগ দিতে আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি ছুটে গেছেন৷ ত্রিপুরার দুই সাংসদও ওই বৈঠকে উপস্থিত থাকবেন৷ অবশ্য, উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলিকেও ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷


নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মতামত জানতে রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎকিশোর দেববর্মণকে দিল্লি ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আগামীকাল ওই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অন্যান্যদের পাশাপাশি প্রদ্যুতেরও আলোচনা হবে৷ এ-বিষয়ে প্রদ্যুতের দাবি, ত্রিপুরা দেশের একমাত্র রাজ্য যেখানে একাধিকবার শরণার্থীদের থাকার জন্য জায়গা দেওয়া হয়েছে৷ ফলে, নতুন করে বোঝা নেওয়ার ক্ষমতা নেই আমাদের৷ জনজাতিদের ওই সমস্যা কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে৷


প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল পাস করাতে চাইছে৷ ফলে সারা দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ভাবাবেগ মেপে নেওয়াও প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷ রাজপরিবারের সদস্য প্রদ্যুৎকিশোর জানিয়েছেন, গত ১৬ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রু শরণার্থীদের বিষয়ে আলোচনার সময় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও কথা হয়েছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিবেদন করেছিলাম নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ করার আগে আমাদের সমস্যা শুনুন৷


প্রদ্যুতের বক্তব্য, ত্রিপুরায় প্রতিবেশী রাষ্ট্র থেকে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, ১৯৪০ সালে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন মহারাজা শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন৷ তেমনি ১৯৪৬ সালে নোয়াখালিতে দাঙ্গা হাওয়ায় সেখান থেকে আগত হাজার হাজার শরণার্থীকে রাজ্যে থাকতে দেওয়া হয়েছিল৷ প্রদ্যুতের দাবি, ১৯৪৮ সালে কাঞ্চনপুরে মহারানি কাঞ্চনপ্রভা দেবী তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীদের জন্য ৩০০ একর জমি বরাদ্দ করেছিলেন৷ শুধু তাই নয়, ১৯৫৬, ১৯৬৫ এবং ১৯৭১ সালে কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপুরায় শরণার্থীদের আশ্রয় দিয়েছে৷


তাঁর বক্তব্য, এদেশে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে একাধিকবার শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে৷ ফলে এখন পুনরায় বোঝা নেওয়ার ক্ষমতা নেই আমাদের, বলেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরার জনজাতিদের ত্যাগের ইতিহাস রয়েছে৷ তা কেন্দ্রীয় সরকারকে বুঝতে হবে৷ তাদের সমস্যা উড়িয়ে দেওয়া যাবে না৷
প্রদ্যুৎ জানিয়েছেন, গত ১৬ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার সময় নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ করার আগে এই রাজ্যের নাগরিক সমাজের মতামত নিতে বলা হয়েছিল৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ডেকেছেন৷ তাঁর দাবি, ত্রিপুরার ছাত্র সমাজ, আইন বিশেষজ্ঞ, এনজিও, জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কথা বলবেন৷ আগামীকাল অমিত শাহের তাঁর সাথে দেখা হবে৷ তাই, আজ তিনি দিল্লি রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন প্রদ্যুৎ৷


এদিকে, কংগ্রেস ওই বৈঠকে অংশ নেবে না বলে সাফ জানিয়েছে৷ প্রদেশ কংগ্রেস কমিটির কনভেনার পীযূষকান্তি বিশ্বাস জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল তৈরি করে মতামত নেওয়ার যৌক্তিকতা আছে বলে মনে করি না৷ তাঁর দাবি, কংগ্রেস শুরু থেকেই ওই বিলের বিরোধীতা করছে৷ ফলে, প্রস্তাবিত মহাবৈঠকে অংশ নেওয়া অর্থহীন, বলেন তিনি৷


অন্যদিকে, সিপিএম এখনও আগামীকালের বৈঠকে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি৷ সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনার আমন্ত্রণ পেয়েছি৷ বিরোধী দলনেতা মানিক সরকারও একই আমন্ত্রণ পেয়েছেন৷ তবে, ওই বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
শাসকজোট শরিক উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটিও মহাবৈঠকের আমন্ত্রণ পেয়েছে এবং দলের সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া তাতে অংশ নেবেন৷ দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন.সি. দেববর্মা বলেন, আইপিএফটি ওই বৈঠকে অংশ নেবে এবং নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপত্তি জানাবে৷
এদিকে, ত্রিপুরার আরেক উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটিও ওই বৈঠকের আমন্ত্রণ পেয়েছে৷ দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, আগামীকাল সভাপতি বিজয়কুমার রাঙ্খল-সহ দিল্লিতে যাচ্ছি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিচ্ছি৷ তবে, ওই বিলে আপত্তি রয়েছে আমাদের, তা সাফ জানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি৷


এতে সাফ হয়ে গেছে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এই অঞ্চলের মানুষের ভাবাবেগ বুঝে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ কিন্তু বৈঠকের ফল কী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top