News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার এক
Image

রাজ্যের বিভিন্ন স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে কড়া পাহারা সত্ত্বেও পাচার বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না৷ একাধিক স্থানে অভিযান জালিয়ে বিএসএফ ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং কাপড় উদ্ধার করেছে৷ শুধু তাই নয়, পাচারকারীদের ধরতে গিয়ে গুলিও চালাতে হয়েছে বিএসএফকে৷ বিএসএফ আজ উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাজ্যের সোনামুড়া, মেলাঘর, বিশালগড়, আগরতলা, শ্রীমন্তপুর, এনসিনগর এবং বক্সনগর পাচার বাণিজ্যের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে৷ নেশামুক্ত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে তা মূল বাধা হিসেবে দেখা দিয়েছে৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার আশাবাড়ি বিওপি-র জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় ১,২০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে৷ তিনি জানান, পাচরকারীরা বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে বাঁশঝাড়ের পিছনে লুকিয়ে পড়েছিল৷ কিন্তুতাদের নড়াচড়ায় জওয়ানরা বুঝতে পারেন পাচারকারীরা ওই স্থানে লুকিয়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে ওখানে তল্লাশি চালানো হয়৷ কিন্তু পাচরকারীরা রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়৷ তিনি বলেন, ওই স্থান থেকে যে ১,২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে সেগুলোর বাজারমূল্য ৬ লক্ষ টাকা৷ তিনি জানান, ওই ট্যাবলেটগুলি কলমছড়া পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে৷


বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক আরও জানান, একই এলাকায় আরেকটি স্থানে কয়েকজন পাচারকারী মাথায় করে কাপড় পাচার করছিলেন৷ তিনি জানান, সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা হঠাৎ লক্ষ্য করেন কাঁটাতারের বেড়ার এ-পাড় থেকে ও-পাড়ে বাংলাদেশে সামগ্রী পাচার করা হচ্ছে৷ সঙ্গে সঙ্গে তাদের পাচার থামানোর নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু তারা সেই আদেশ শুনেনি এবং পাচার চালিয়ে যাচ্ছিল৷ তখন বাধ্য হয়েছে বিএসএফ জওয়ানরা নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুঁড়েন৷ গুলির শব্দে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷ কিন্তু পাচার সামগ্রী সেখানেই ফেলে রেখে গিয়েছে৷ বিএসএফ আধিকারিক বলেন, ১০০টি কটনের শাড়ি এবং ৯-টি লেহেঙ্গা উদ্ধার হয়েছে৷ এগুলোর বাজারমূল্য ১ লক্ষ ৯ হাজার টাকা৷ তিনি জানান, কাপড়গুলি সোনামুড়া কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷


এদিকে, একই রাতে মোহনপুরের সীমান্ত এলাকায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বিএসএফ৷ যার বাজার মূল্য ২০ হাজার টাকা৷ বিএসএফ আধিকারিক জানিয়েছেন, ওই গাঁজা আগরতলা কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, নতুন সরকারের কড়া নির্দেশের প্রেক্ষিতে রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে৷ আজ শুক্রবার ত্রিপুরায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে বহু পরিমাণের নেশা সামগ্রী আটক করেছে পুলিশ৷


গোপন খবরের ভিত্তিতে পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমার বীরেন্দ্রনগর এলাকার নেশা কারবারি ওসমান হুসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ এই অভিযানে ওসমানের বাড়ি থেকে উদ্ধার হয় ২৬ গ্রাম হেরোইন এবং নেশার ইয়াবা ট্যাবলেট৷ কিন্তু পুলিশের উপস্থিতির আগাম আঁচ পেয়ে পালিয়ে যায় ওসমান৷ এদিন অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও সুমন মজুমদার এবং ওসি বাবুল দাস৷ নেশা কারবারি ওসমানকে না পাওয়া গেলেও জিরানিয়া থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান এসডিপিও সুমন মজুমদার৷


অপর দিকে ধলাইয়ের জেলা সদর আমবাসায় ৮ নম্বর জাতীয় সড়কে রুটিন তল্লাশির সময় একটি নম্বরবিহীন গাড়ি থেকে এসকাফ নামের নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ৷ জাতীয় সড়কের আমবাসা কমলপুর চৌমুহনিতে তল্লাশির সময় নম্বর বিহীন একটি ছোট গাড়িকে দেখে পুলিশের সন্দেহ হয়৷ তখন তারা গাড়িটিকে দাঁড়ানোর জন্য সিগনাল দেন৷ তবু গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ সে-সময় পুলিশ পেছনে ধাওয়া করে এবং গাড়িটিকে আটক করতে সক্ষম হয়৷


প্রথমে গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ কার্টুন এসকফ সিরাপ উদ্ধার করা হয়৷ পরে গাড়িকে আমবাসা থানায় নিয়ে গিয়ে আবারও তল্লাশি চালানো হয়৷ তখন আরও এক কার্টুন কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ সব মিলিয়ে মোট ছয় কার্টুনে ৯৬০ শিশি কফ সিরাপ উদ্ধার হয়৷ সেই সঙ্গে সৌম্য দাস নামের এক যুবককে আটক করে পুলিশ৷


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি ঊনকোটি জেলার কুমারঘাট থেকে আগরতলার উদ্দেশে আসছিল৷ আজকের বাজেয়াপ্তকৃত কফ সিরাপের বাজারমূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ৷ অন্যদিকে, বিএসএফ পাচার বাণিজ্যের ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ত্রিপুরায় এই প্রবণতা নেশামুক্ত রাজ্য গঠনে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে৷ সোনামুড়া, মেলাঘর, বিশালগড়, আগরতলা, শ্রীমন্তপুর, এনসিনগর এবং বক্সনগর পাচার বাণিজ্যের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে৷ তাই পাচার বাণিজ্যকে আরও কড়া হাতে মোকাবিলা করতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top