News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় বাজেট অধিবেশন শুরু, রাজ্যপালের ভাষণে গুরুত্ব পেল কৃষি
Image

বিধানসভায় বাজেট অধিবেশন শুরু, রাজ্যপালের ভাষণে গুরুত্ব পেল কৃষি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে শুক্রবার৷ প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হল অধিবেশন৷ এদিন ভাষণে রাজ্যপাল প্রফেসর কাপ্তানসিং সোলাঙ্কি কৃষি-সহ সকলের উন্নয়নে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন৷ তাঁর কথায়, সব-কা সাথ সব-কা বিকাশ, এটাই হল রাজ্য সরকারের মূল মন্ত্র৷ সেই দিশাতেই এগিয়ে যেতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷

শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি ভাষণ দিয়েছেন৷ ছবি নিজস্ব৷

রাজ্যপাল এদিন কৃষি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন এবং জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন৷ পাশাপাশি, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে রাজ্য সরকারের সংকল্পকেও কুর্ণিশ জানিয়েছেন তিনি৷ এদিন তিনি ভাষণে পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা জানানোর পাশাপাশি শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷

রাজ্যপাল বলেন, এক ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরাবাসী নতুন সরকার গঠন করেছিল৷ এই সরকারের এক বছর পূর্ণ হতে চলেছে৷ রাজ্যের জনগণকে প্রদত্ত আশ্বাস অনুযায়ী রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সব-কা সাথ, সব-কা বিকাশ নীতি অনুসরণ করে এগিয়ে চলেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত, তা পূরণে তাঁর দেখানো পথেই এগিয়ে যাওয়া এবং উন্নয়নকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে৷

রাজ্যপালের বক্তব্য, রাজ্য সরকার অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে বিশেষভাবে জোর দিয়েছে৷ নেশামুক্ত ত্রিপুরা গঠন তারই অন্যতম অঙ্গ৷ তিনি বলেন, তদন্ত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য রাজ্য সরকার দিল্লি পুলিশের ধাঁচে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ গঠন করেছে৷

সাথে তিনি যোগ করেন, দুর্নীতি দমনেও রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে৷ তাঁর কথায়, স্বচ্ছতা আনার জন্য রাজ্য সরকার প্রযুক্তিকে বিশেষভাবে ব্যবহার করেছে৷ ই-টেন্ডার, ই-স্ট্যাম্প ইত্যাদি পরিষেবা চালু করে স্বচ্ছতা আনার পাশাপাশি রাজ্যে ব্যবসা-বাণিজ্য করা সহজতর হয়েছে৷

তিনি বলেন, রাজ্য সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য এখন কৃষি৷ কৃষি ও কৃষক কল্যাণে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ তাঁর বক্তব্য, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিভিন্ন সমস্যা দূরীকরণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বিধি রাজ্যে চালু হচ্ছে৷ তাতে ২ লক্ষ ৭০ হাজার কৃষক উপকৃত হবেন৷ শুধু তাই নয়, ১ লক্ষ ৩০ হাজার পাট্টাধারীকেও এই প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার৷ ফলে, তাঁরাও উপকৃত হবেন৷ রাজ্যপাল বলেন, রাজ্যের অর্থনীতি মূলত কৃষি নির্ভর৷ তাই কৃষকদের উৎসাহ বাড়াতে রাজ্যে প্রথমবার এফসিআই নূ্যনতম সহায়কমূল্যে তাঁদের কাছ থেকে ধান কিনেছে৷ তাতে কৃষকরা প্রতি কেজিতে ৫৫০ টাকা থেকে ৭৫০ টাকা করে লাভবান হচ্ছেন৷

তাঁর দাবি, রাজ্য সরকার শিক্ষাকেও ভীষণ গুরুত্ব দিয়েছে৷ আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি সুকলে এনসিইআরটি-র সিলেবাস চালু হচ্ছে৷ তাছাড়াও, যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা চলছে৷ রাজ্যপাল আরও বলেন, নারী শক্তির সশক্তিকরণের মাধ্যমে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে৷ তিনি বলেন, এই প্রথম পুলিশ দফতরে নিয়োগে মহিলাদের ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top