নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১ ফেব্রুয়ারি।। লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ বাজেট। শুক্রবার শেষ বেলায় বাজেটের একেবারে শেষ অংশে এসে চমক দিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল মধ্যবিত্তের প্রত্যাশা পূরণ করলেন। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল ৫ লক্ষ টাকা। যা আগে ছিল আড়াই লক্ষ টাকা। ফলে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হল। তাছাড়া অন্তর্বর্তী বাজেটে প্রতিবছর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬,০০০ টাকা পাঠানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।তিনি জানান এখন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিবছর ৬০০০ টাকা করে দেবে সরকার। তিনটি কিস্তিতে এই টাকা পাঠানো হবে।

পীযূষ গোয়েলের দাবি,সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন ১২ কোটি ছোট ও প্রান্তিক কৃষক। এজন্য বরাদ্দ ধরা হয়েছে ৭৫,০০০ কোটি টাকা। এদিকে শুক্রবার কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব তাঁর প্রতিক্রিয়ায় জানান, কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেট ঐতিহাসিক, জনমুখি এবং উন্নয়নমুখী। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন করার ক্ষেত্রে বাজেটে আর্থিক বরাদ্দ প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে উত্তর-পূর্বাঞ্চলের একটা অংশ অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটা ঠিক নয়। এতে করে সম্পূর্ণভাবে হীন মানসিকতার রাজনৈতিক পরিচয় দিচ্ছে তারা, বলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।



















