News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়িতে পুলিশের গুলিতে ছয় উপজাতি যুবক আহত
Image

মাধববাড়িতে পুলিশের গুলিতে ছয় উপজাতি যুবক আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ডাকা বন্ধে রক্তাক্ত হয় জিরানিয়া মহকুমা৷ এই বন্ধে সামিল হয়েছিল আইএনপিটি, আইপিএফটি ও আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠি৷ এদিন উৎশৃঙ্খল বন্ধ সমর্থকদের গাড়ি ভাঙচুর, দোকানে আগুন লাগানোর ঘটনায় তাদের নিয়ন্ত্রণে পুলিশ শুধু শূণ্যে গুলি চালিয়ে থেমে থাকেনি৷ বন্ধ সমর্থকদের লক্ষ্য করে পুলিশ গুলিও ছুঁড়েছে৷ তাতে গুলিবিদ্ধ হয়েছেন ছয় জন৷ গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে সকলেই উপজাতি অংশের৷ তাঁদের রাজনীতিক পরিচিতি স্পষ্ট হয়নি৷ তাছাড়া, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ার ফলে আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন৷ বন্ধ সমর্থকদের ছুড়া ঢিলে একজন টিএসআর জওয়ানও আহত হয়েছেন৷ গুলিবিদ্ধ ছয়জন ও আহত টিএসআর জওয়ানকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে একজনকে বর্হিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ এছাড়া আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এই ঘটনায় বিরোধীরা রাজ্য সরকারকে নিশানা করেছেন৷ আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা ক্ষোভে ফেটে বলেন, বন্ধ পালন করতে গিয়ে এভাবে গুলি চালানোর ঘটনা রাজ্যের ইতিহাসে বিরল৷

অন্যদিকে, বিরোধী দলনেতা মানিক সরকার জি বি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জটিল পরিস্থিতিতে প্রশাসনকে মাথা ঠান্ডা রেখে মোকাবিলা করা উচিৎ ছিল৷ এদিকে, উত্তেজিত বন্ধ সমর্থকদের নিয়ন্ত্রণে আনার জন্য তাদের উপর পুলিশ কেন গুলি চালালো, সেই প্রশ্ণ উঠেছে৷ এই ঘটনাকে নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারীভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি৷ এমনকি, পশ্চিম জেলা পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকেও কোন বক্তব্য জানা যায়নি৷ তবে, এদিন জিরানীয়া থেকে শুরু করে খয়েরপুর পর্যন্ত তেমন কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েন৷
মাধববাড়ির ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি৷ আইএনপিটি এবং আইপিএফটি আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে৷ সূত্রের খবর এদিন রাত এগারটা নাগাদ মুঙ্গিয়াকামী থানার অধীন আঠারোমুড়া এডিসি ভিলেজে জাতীয় সড়কের পাশে জড়ো হয়েছেন বেশ কয়েকজন আইপিএফটি কর্মী৷ বুধবার জাতীয় সড়ক ও রেল অবরোধের পরিকল্পনা করছে তারা৷ ফলে, এই ঘটনায় আবারও হিংসার বিস্তৃতি ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে৷
নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে নেসো পূর্বোত্তর বন্ধের ডাক দেয়৷ এই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকেই জিরানীয়া মহকুমায় আইএনপিটি, আইপিএফটি এবং আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠি বন্ধ পালনে রাস্তায় নামে৷ শুরুতে শান্তিপূর্ণভাবেই বন্ধ পালিত হচ্ছিল৷ কিন্তু, সকাল সোয়া দশটা নাগাদ জিরানীয়া মহকুমার দশরামবাড়ী এলাকায় জাতীয় সড়কে পিকেটাররা একটি ম্যাজিক গাড়িকে যাতায়াতে বাধা দেন৷ শুধু তাই নয়, ওই গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ তার কিছুক্ষনের মধ্যে একটি গাড়ি ভাঙচুর চালান পিকেটাররা৷ একই সময়ে জাতীয় সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পিকেটাররা৷ মুহুর্তের মধ্যেই পরিস্থিতি অগ্ণিগর্ভ হয়ে উঠে৷ উত্তেজিত বন্ধ সমর্থকরা মাধববাড়ি বাস টার্মিনাল সংলগ্ণ এলাকায় প্রায় ১৭টি দোকানে আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অধিকাংশ দোকান পুড়ে মারাত্মক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরানীয়া এবং রাণীরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়৷ কিন্তু, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে টিএসআর বাহিনীকে নামানো হয়৷ জানা গেছে, টিএসআর জওয়ানরা উত্তেজিত বন্ধ সমর্থকদের ব্যারিকেড করে রাখেন৷ কিন্তু, কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না৷ ফলে, জিরানীয়া থানায় এসডিপিও, এসডিএম সহ পুলিশ আধিকারীকরা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বৈঠকে বসেন৷
এদিকে, অফিস যাত্রী সহ অন্যান্য যাত্রীরা ওই ঘটনায় ভিতসন্ত্রস্ত হয়ে পড়েন৷ ভয়ে যাত্রীরা চিৎকার চেচামেচি শুরু করেন৷ পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপদে গন্ডব্যে পৌছানোর আশ্বাস দেওয়া হয়৷ এরই মধ্যে খবর দেওয়া সিআরপিএফকে৷ জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন গাড়ি সিআরপিএফ জওয়ান ঘটনাস্থলে পৌছায়৷ উত্তেজিত বন্ধ সমর্থকদের ছত্রখান করার জন্য জল কামান আনার ব্যবস্থা করা হয়৷ কিন্তু, পথে জল কামানের গাড়িটি নষ্ট হয়ে পড়ে৷ এরই মধ্যে পরিস্থিতি আরো উত্তেজিত হয়ে উঠলে পুলিশ বন্ধ সমর্থকদের উপর লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে৷ পাশাপাশি শূণ্যে গুলিও ছুড়ে পুলিশ৷ তাতেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ বন্ধ সমর্থকদের লক্ষ্য করে গুলি ছুড়ে৷ পুলিশের ছোড়া গুলিতে ছয়জন উপজাতি যুবক আহত হন৷ ঘটনাস্থলে কর্তব্যরত জনৈক পুলিশ আধিকারীকের দাবি, বন্ধ সমর্থকরা বোমা বিস্ফোরণ করতে পারে এমন গুজব রটেছিল, তাই তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছিল৷ জিরানীয়া মহকুমার দশরামবাড়ি এলাকায় পুলিশের গুলিতে ছয়জন উপজাতি যুবক আহত হন৷ জানা গেছে, সমেন দেববর্মা, প্রহর দেববর্মা, শঙ্কর দেববর্মা, রবি কুমার দেববর্মা, সুমিত দেববর্মা এবং ললিত মোহন দেববর্মা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাদের মধ্যে সুমিত দেববর্মার অবস্থা আশঙ্কাজনক বলে তাকে বর্হিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে৷ এছাড়া টিএসআর জওয়ান দীনেশ কুমার আহত অবস্থায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ স্থানীয় সূত্রে খবর, বন্ধ সমর্থকরা গুলটি, তীর, টাক্কাল ইত্যাদি নিয়ে হাজির হয়েছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top