News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে রানের পাহাড় তৈরি করে ডিক্লেয়ার ভারতের
Image

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে রানের পাহাড় তৈরি করে ডিক্লেয়ার ভারতের

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে রানের পাহাড় তৈরি করল ভারত৷ সাত উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এটাই চলতি বছরে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান ভারতের৷ পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ৬ ওভার ব্যাট করে ৮ রান তুলেছে অজিরা৷ মেলবোর্নে কোহলিদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর এবার তৃতীয় দিন নতুন বলে ভারতীয় পেসারদের নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেটমহল৷
শতরান করে এদিন ভারতের রানের ভিত মজবুত করে দেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা৷ ৩১৯ বল খেলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রানের ইনিংস খেলেন সৌরাষ্ট্রের ডানহাতি৷ পূজারার পার্টনার কোহলি অবশ্য এদিন শতরান মাঠে ফেলে এলেন৷
উইকেটের উপর দিয়ে থার্ড ম্যানে ছক্কা হাঁকানোর ঝুঁকি না নিলে পূজারার মতো শতরান হাঁকিয়ে মাঠ ছাড়তে পারতেন বিরাট কোহলি(৮২ রানে)৷ স্টার্কের বলে ফিঞ্চের হাতে ম্যাচের সহজতম ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক৷ কোহলি-পূজারার ১৭০ রানের পার্টনারশিপ ব্যাটিং ইনিংসের ইমারত গড়ে দেয়৷
সেঞ্চুরি হাতছাড়া হলেও মেলবোর্নে অনবদ্য নজির গড়েন কোহলি৷ বক্সিং ডে টেস্টে ৮২ রানের ইনিংস খেলার পথে বিরাট এক ক্যালেন্ডার বর্ষে দেশের বাইরে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারে পরিণত হন৷ পারথের পর ২০১৮ সালে বিদেশে কোহলির টেস্ট রান ছিল ১০৬৫৷ রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের নামে৷ ২০০২ সালে বিদেশের মাঠে টেস্টে দ্রাবিড় ১১৩৭ রান করেছিলেন৷
ওপেনিং সমস্যা কাটিয়ে ওঠার পাশাপাশি মেলবোর্নে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতাও কাটিয়ে উঠল ভারত৷ সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩৪ রান করেন৷ ৬৭ রানে অপারাজিত থেকে দলকে চারশো রানের গণ্ডি পার করান কোহলির ওয়ান ডে ডেপুটি রোহিত শর্মা৷ এক বছর পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান হাঁকালেন হিটম্যান৷
শেষবার ২০১৭ সালের ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় অর্ধশতরান এসেছিল রোহিতের ব্যাট থেকে৷ ১১৪ বল থেকে ৫টি বাউন্ডারির সাহায্য এদিন ইনিংস সাজান হিটম্যান৷ রান পেয়েছেন ঋষভ পন্তও৷ ৩৯ রান করে উইকেট উপহার দিয়ে আসেন তরুণ পন্ত৷ দ্বিতীয় দিনের তিন সেশনেই অজি বোলারদের উপর ছড়ি ঘোরালো ভারতীয় ব্যাটসম্যানরা৷
অন্যদিকে পারথের মতো মেলবোর্নের দ্বিতীয় দিনও অসম বাউন্স ব্যাটম্যানদের সমস্যা ফেলেছে৷ অজি স্পিনার লায়নের ওভারে অসম বাউন্স বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান রাহানের৷ সহ অধিনায়ক রাহানেই শুধু নয়, এদিন কামিন্সের বল হাঁটুর নীচে এলে পূজারার উইকেট ছিটকে দেয়৷ গতি ও বাউন্সে নিয়ন্ত্রণ এলে শামি-বুমরাহরা তৃতীয় দিন কীরকম বোলিং করেন, সেটাই এখন দেখার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top