ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, সর্বনিম্ন তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): জাঁকিয়ে শীত কাকে বলে, তা এখন ভালোই টের পাচ্ছেন রাজধানীর মানুষজন| বৃহস্পতিবারই মরশুমের শীতলতম দিন ছিল দিল্লিতে| সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ৪ ডিগ্রি সেলসিয়াসে| শুক্রবার সামান্য বাড়ল রাজধানীর তাপমাত্রা| এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস| তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও, শীত ভালোই অনুভূত হচ্ছে রাজধানীতে| দিল্লিতে শীত অনুভূত হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই| তবে, জাঁকিয়ে শীতের অপেক্ষায় ছিলেন রাজধানীর মানুষজন| অবশেষে চলতি সপ্তাহ থেকেই হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি| একইসঙ্গে শীতের কামড় বেড়েছে উত্তর ভারতেও| দিল্লির আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের পরশ অব্যাহত থাকবে দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে|
আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস| আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এমনই শীতের আমেজ থাকবে রাজধানী ও সংলগ্ন এলাকায়| এদিন সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ| দিল্লির পাশাপাশি এই মুহূর্তে ঠাণ্ডায় কাঁপছে উত্তর প্রদেশের রাজধানী লখনউ-সহ গোরক্ষপুর, ফৈজাবাদ, কানপুর, বরেলি এবং আগ্রা, সর্বত্রই শীতের পরশ|