News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তরজা, ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হচ্ছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর, সর্বৈব মিথ্যা, দাবি রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রীর
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তরজা, ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হচ্ছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর, সর্বৈব মিথ্যা, দাবি রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মান কাজে নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহৃত হয়েছে৷ ফলে, নির্মিয়মান ঘরের আয়ু কম হবে৷ অন্যান্য রাজ্যে যে নির্মাণ সামগ্রী ব্যবহৃত হয়েছে, তাতে ঘরের আয়ু অনেক বেশি হবে৷ বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী ড বীরেন্দ্র কুমার৷ তাতে, চটে লাল হয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন তিনি৷ তাঁর দাবি, রাজ্যে সর্বোচ্চ গুণমানের নির্মান সামগ্রী প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বানাতে ব্যবহৃত হয়েছে৷ তাঁর কটাক্ষ, রাজ্যে এসে রাজনীতির উদ্দেশ্যে যেকোন কথা বললেই হবেনা৷ তাতে, সারমর্ম থাকতে হবে৷
বুধবার রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় শিশু ও মহিলা কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড বীরেন্দ্র কুমার৷ রাজ্যে এসেই গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ তাতে, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে শিশু ও মহিলা কল্যাণে কি ধরনের কাজ হচ্ছে তার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷ এবিষয়ে বৃহস্পতিবার বিজেপি রাজ্য মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি অকপটে বলেন, শিশু ও মহিলা কল্যাণে কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে রাজ্যের কাজকর্মে সন্তুষ্ট নন৷ তিনি জানান, শিশু ও মহিলা কল্যাণে সমস্ত প্রকল্পের কাজকর্মের নতুন করে সমীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন৷ এদিন তিনি বলেন, বিশেষ করে অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ খাবার ঠিকমত দেওয়া হচ্ছে না৷ তিনি জানান, অঙ্গনওয়ারী কেন্দ্রে আগে প্রতিদিন মাথাপিছু প্রতি শিশুর জন্য ৬ টাকা বরাদ্দ ছিল৷ এখন তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে৷ কিন্তু দেখাযাচ্ছে, অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে প্রাতঃরাশে শিশুদের কেবলমাত্র দুটি করে বিসুকট দেওয়া হচ্ছে৷ অন্যান্য রাজ্যে নানারকম সুস্বাদু প্রাতঃরাশ শিশুদের দেওয়া হয়৷ তিনি জানিয়েছেন, অঙ্গনওয়ারী কেন্দ্রে প্রতিদিন শিশুদের সুস্বাদু প্রাতঃরাশ দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
কথা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে৷ তাতে, ঐ সমস্ত ঘরের আয়ু অনেক কম হবে৷ তাঁর দাবি, অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণে গুণমান সম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে৷ ফলে, ঐ সমস্ত ঘরের আয়ু অনেক বেশি হবে৷ তিনি বলেন, নিয়ম অনুযায়ী কোন ঘরে টিন ব্যবহার করার কথা নয়৷ কিন্তু, এরাজ্যে টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ হচ্ছে৷ তাতে, জানতে চাওয়া হয়, নগরোন্নয়ন মন্ত্রকের প্রকাশিত পুস্তিকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে কিভাবে দেখানো হয়েছে৷ এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কোন উত্তর না দিলেও বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগী চিহ্ণিতকরণে ত্রিপুরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে রয়েছে৷ কিন্তু, প্রকল্প রূপায়নে সাফল্য আছে এমন কোন সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার এখনো রাজ্য সরকারকে দেয়নি৷
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগের আঙ্গুল তোলায় চটে লাল হয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ এদিন মহাকরণে এবিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যা কথা বলছেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণে ত্রিপুরা গোটা দেশের মধ্যে সেরা৷ এখানে ঘর নির্মাণে সর্বোচ্চ গুণমান সম্পন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে৷ তিনি জানান, এখন পর্যন্ত বত্রিশবার প্রকল্পের কাজের খবর নিয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক৷ মন্ত্রকের বিশেষ টিম রাজ্যে এসে ঘর নির্মাণের কাজ দেখে গেছেন৷ বিভিন্ন স্থানে তাঁরা ঘুরে দেখেছেন৷ মানিক দে বলেন, ঘর নির্মাণের স্ববিস্তার বিবরণি দিল্লিতে পাঠানো হয়েছিল৷ তাঁদের অনুমতি ক্রমে সেই মোতাবেক ঘর নির্মাণ করা হচ্ছে৷ নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক ঘর নির্মাণের জিওট্যাগিং করা হয়েছে৷ তাতে, গ্রামোন্নয়ন মন্ত্রী এদিন কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, যে কোন কথা রাজ্যে এসে রাজনীতির জন্য বললেই হবেনা৷ সেই কথায় সারমর্ম থাকতে হবে৷ মানিক দে চ্যালেঞ্জ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণে যদি কোন ত্রুটি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় টিম এসে তা চিহ্ণিত করে দেখাক৷ রাজ্য সরকারের তাতে কোন আপত্তি থাকবেনা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top