News Flash

  • Home
  • Uncategorized
  • টানা বর্ষণে ফের বন্যা, প্লাবিত ছয় জেলা, আট সহশ্রাধিক ত্রাণ শিবিরে
Image

টানা বর্ষণে ফের বন্যা, প্লাবিত ছয় জেলা, আট সহশ্রাধিক ত্রাণ শিবিরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, খোয়াই, তেলিয়ামুড়া, আমবাসা, উদয়পুর, বিলোনীয়া, চড়িলাম, বিশালগড়, ২২ অক্টোবর৷৷

খোয়াই জেলায় ভারী বর্ষণে জলমগ্ণ বাড়িঘর৷ রবিবার তোলা নিজস্ব ছবি৷

ফের রাজ্যে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷ গত কয়েকদিনের টানা বর্ষণে পশ্চিম, ঊণকোটি, খোয়াই, সিপাহিজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বন্যার কবলে পরে প্রায় ৮ হাজারের উপর মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে৷ প্রশাসনিক সূত্রে খবর, সারা রাজ্যে ৬১টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ তাতে প্রায় ২২০৩ টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে৷ এদিকে, খোয়াই এবং গোমতী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে৷ সদর মহকুমায় ১৭টি ত্রাণ শিবিরে ৮১৭ পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে৷ এদিকে, উদয়পুরে গতকাল থেকে আজ পর্যন্ত মোট ১৪ টি ত্রাণ শিবিরে ১৭০ পরিবারের ৬৭০ জনকে আশ্রয় দেওয়া হয়েছে৷ এছাড়াও বিভিন্ন ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছে৷
সদর মহকুমা শাসক জানিয়েছেন, গতকালকের তুলনায় আজ নিচু এলাকায় জল অনেকটা নেমে যাওয়ায় কয়েকটি পরিবার বাড়ি ফিরে যাবে৷ তবে, বলদাখাল, প্রতাপগড়ের বিস্তির্ণ এলাকা এখনো জলমগ্ণ রয়েছে৷ জানাগেছে, গোমতী জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাকড়াবন ব্লক এলাকায়৷ সেখানে ১৭টি গ্রাম পঞ্চায়েত, ৫টি এডিসি ভিলেজে প্রায় পাঁচ হাজার কৃষকের ফসল নষ্ট হয়েছে৷ তাছাড়াও, বন্যা কবলিত বিভিন্ন কৃষি প্রধান এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বহু পুকুর ডুবে যাওয়াতেও মাছ ভেসে গেছে৷
এদিকে, উদয়পুর থেকে মির্জা যাওয়ার পথে একটি লোহার সেতু জলে তলায় ডুবে যাওয়ায় ঐপথে যান চলাচল বন্ধ রয়েছে৷ ধলাই জেলাতে তেমন কোন প্রভাব না পড়লেও কমলপুর থেকে আমবাসা যাওয়ার পথে কুলাই এলাকায় ধলাই নদীর উপর লোহার সেতুটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গতকাল রাতের ভারী বর্ষণে সেতুটির একটা অংশ মাটি থেকে আলগা হয়ে গেছে৷ তাতে, সেতুটি ভেঙ্গে পড়তে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে৷ তাই এই পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ কমলপুর থেকে আমবাসা যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন বিকল্প পথ ধরে যাতায়াত করছে৷

বিশালগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে রেল লাইন৷ নিজস্ব ছবি৷

এদিকে দক্ষিণ জেলাতেও ভারী বর্ষণে বিরাট প্রভাব ফেলেছে৷ বিলোনিয়া এবং শান্তির বাজারে মূল সড়ক জলমগ্ণ হয়ে পড়েছে৷ স্থানীয় প্রবীনদের বক্তব্য, বিগত ৩০ বছরে এধরণের ভয়াবহ বন্যা দেখা যায়নি৷ মূলত গতকাল রাতের ভারী বর্ষণে ফেনি নদীর উপর বাঁধ ভেঙ্গে যায়৷ তাতে, নদীর জল উল্টাদিকে প্রবাহিত হয়৷ এর ফলে বিলোনিয়া শহর জলমগ্ণ হয়ে পড়ে৷ অধিকাংশ রাস্তা চলাচলের উপযোগী নয়৷ জানা গেছে, বিলোনিয়ায় রামঠাকুর পাড়া, আমলাপাড়া, মাস্টার পাড়া, আর্যসমাজ এবং রামকৃষ্ণ কলোনী এলাকায় প্রচুর জল জমে রয়েছে৷ কোন দিকে দিয়েই জল নামছে না৷ ফলে, বিলোনিয়া থেকে ঋষ্যমুখ যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন ফাড়ি পথ অবলম্বন করছে৷ আমজাদ নগরে ৪২টি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে৷ এদিকে শান্তির বাজার মহকুমায় জুলাইবাড়ি, লাউগাঙ, বেতাগা প্রভৃতি এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷ মোট ১১৯ টি পরিবারকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে৷
এদিকে, তিনদিনের মুষলধারে বৃষ্টিতে বিশালগড় মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছে সহাশ্রাধিক পরিবার৷ বিশালগড়ের মহকুমা হাসপাতাল থেকে শুরু করে থানা, উত্তর বাজার ও লালসিংমুড়া যাওয়ার স্টেশন এবং জাঙ্গালীয়া পর্যন্ত জাতীয় সড়ক সকাল থেকে চারটা অবধি জলমগ্ণ হয়ে রয়েছিল৷ ছোট গাড়িগুলো চলাচল সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে যায়৷ শুধুমাত্র বড়গাড়ি গুলো চলাচল স্বাভাবিক হয় দুপুর দুটোর পর থেকে৷ যাত্রীদের দুর্ভোগের অন্ত ছিল না৷ বিশালগড় পুর পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে চিড়াগুড় ও বাতাসা বন্টন করা হয়৷ অন্যদিকে চড়িলামে ক্ষতিগ্রস্ত পঞ্চায়েতের মধ্যে দক্ষিন চড়িলাম ১নং ওয়ার্ডের অর্ন্তগত কড়ইমুড়া ও রেলব্রীজ সংলগ্ণ ১২৪ পরিবারের ৬১৫ জন৷ ২নং ওয়ার্ডের ৩টি বসত ঘড় সম্পূর্ণ ভাবে ভূপাতিত হয়ে পড়েছে৷ এলাকারই বাসিন্দা সঞ্জিব পাল, স্বপ্ণা দে(নাগ) এবং অশোক দত্ত একই ওয়ার্ডের আরও ৪টি বসতঘড়ের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ১,২, ৩, ৪, ৫, ৬, ৮ এবং ওয়ার্ডের ১৯৬ পরিবারের ৯৬৬ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ লালসিংমুড়ার ৪ ও ৫ নং ওয়ার্ডের গোপাল সাহা পাড়া এবং মদন দেববর্মা পাড়া দুটি পাড়ায় ১১ পরিবারের ৫৫ জন ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ছেচরিমাই এর থালাভাংগা ও পরিমল চৌমুহনী সংলগ্ণ এলাকায় ৫০ পরিবারের ২১০ জন, রামছরার রাঙ্গাপানীয়া সংলগ্ণ এলাকার ১৫ পরিবারের ৭০ জন এবং উত্তর ব্রজপুরের ১নং ওয়ার্ডে দরগামুড়ার ১৫ পরিবারের ৭৬ জন বন্যার প্রকোপে পড়েছে৷ চড়িলামে সর্বমোট ৪১১ পরিবারের ১৯৯২ জন বন্যার প্রকোপে পড়েছে৷ তাদের প্রশাসনের তরফে ৫০০ কেজি চিড়া, ২০০ কেজি গুড় বিলি করেছে বলে জানান ব্লক আধিকারিক শান্তনু বিকাশ দাস৷ তাছাড়া উত্তর চড়িলামে লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে ত্রান শিবির খোলা হলেও কোন শরনার্থী ত্রান শিবিরে আশ্রয় নেন নি৷ বন্যায় জল কমতে শুরু করেছে কিন্তু কড়ইমুড়াস্থিত রেলব্রিজ সংলগ্ণ এলাকায় রেললাইনে মাটি ধবসে পড়ায় রেলচলাচল অনিশ্চিত হয়ে পড়েছে৷
খোয়াই জেলাতেও নদীর জল রাস্তা-ঘাট, বাড়ি-ঘর ডুবে গেছে৷ প্লাবিত হয়েছে খোয়াই মহকুমার শহরাঞ্চল৷ প্লাবিত গ্রামাঞ্চল৷ খোয়াই জেলা এখন জলে টইটুম্বুর৷ এদিকে খোয়াই বনকর এলাকা, হাসপাতাল পাড়া, কাঞ্চনঘাট, পহরমুড়া, আমলা পাড়া, সোনাতলা সহ বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে৷ বন্যার কবলে পড়ে বাড়ি-ঘর ছেড়ে খোয়াই মহকুমা প্রশাসনের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ৷ বন্যা দূর্গতদের উদ্ধার কার্যে পুলিশ, টিএসআর, অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা নেমে পড়েছেন রবিবার সকাল থেকেই৷ নৌকা নিয়ে চলছে উদ্ধার কার্যে৷ বন্যা কবলিত মানুষজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবার জন্য প্রশাসন তৎপরতার সাথে কাজ করে চলছে৷ বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে মহকুমা প্রশাসন এবং স্থানীয় সিপিআই(এম) নেতৃত্বরা৷ প্রাথমিকভাবে ত্রাণ শিবির খোলা হয়েছে খোয়াই সরকারী বালিকা বিদ্যালয়, শ্রীনাথ বিদ্যানিকেতন, জিএবি ক্লাব, শ্রীকৃষ্ণ মিশন সুকল, সোনাতলা পঞ্চায়েত অফিসে৷ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে ত্রাণ শিবিরগুলিতে ছুটে গেছেন মহকুমা শাসক প্রসূন দে৷
এদিকে খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর ব্লক এলাকাতেও বন্যার কবলে পড়ে মানুষজন বাড়ী-ঘর ছাড়া৷ রতিয়া খেয়াঘাট সংলগ্ণ খোয়াই-তেলিয়ামুড়া সড়কে ব্যাপক ভাঙন ধরেছে৷ জলে থৈথৈ করছে কল্যাণপুরের বেশ কিছু এলাকা৷ গৌরাঙ্গটিলা, লক্ষীনারায়ণপুর এলাকাও প্লাবিত৷ লক্ষীনারায়ণপুর এলাকায় রাস্তা আর নদী সমান হয়ে আছে৷ চারমাস বয়সে দ্বিতীয়বার শরনার্থী শিবিরে এই ছোট বাচ্চাটি৷ প্রথমবার ১২ দিন বয়সে৷ দ্বিতীয়বার বন্যা ত্রাণ শিবিরে এল প্রায় চার মাসের কাছাকাছি সময়ে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top