গুয়াহাটি, ১২ আগস্ট, (হি.স.) : মণিপুর, মেঘালয় এবং অরুণাচল প্ৰদেশেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।। ভারী বৃষ্টিপাতের দরুন মেঘালয়ের পশ্চিম
খাসিপাহাড়ে কিঞ্চি নদীর জলস্তর হু হু করে বাড়ছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে কিঞ্চি। তাছাড়া ফুলে-ফেঁপে উঠেছে নোনবাহ্ এবং নংদেইন নদী। সংশ্লিষ্ট এলাকাগুলিতে সতর্কতা অবলম্বন করতে রাজ্য প্রশাসন এক বার্তা জারি করেছে।
এদিকে অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতি আজ আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। গত দুদিনের মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় পাহাড়ে ধস পড়ে আজও কয়েকটি জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাপুমপারে-নাহরলগুন সড়কে গতকালে ধস সারাই হলেও আজ ফের একই জেলার অন্য জায়গায় পাহাড় খসে পড়েছে। সারইয়ের কাজ চলছে।


















