নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ রাজপথে ‘বার্নিং ভ্যান’৷ বুধবার বিকাল তিনটা নাগাদ আগরতলা শহরের কর্ণেল চৌমুহনীর কাছে একটি মারুতী ভ্যানে আচমকা আগুন ধরে যায়৷ আগুন লাগার সাথে সাথেই চালক গাড়ি থেকে নেমে পড়েন৷ মুহুর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়৷ পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন৷ ফায়ার সার্ভিস কর্মীরা দমকল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে৷ বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷ এদিকে, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ আগুনে পুড়ে যাওয়া মারুতী ভ্যানের নম্বর টিআর-০৩- সি-০৫০২৷ গাড়িটি সিএনজি চালিত৷ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওভার হিটিং এর ফরে গাড়ির পেছনের ডিক্কিতে সিলিন্ডারের উপর রাখা টায়ারে প্রথম আগুন ধরে৷ তারপর পুরো গাড়িতে আগুন ধরে যায়৷ পুলিশ গাড়ির মালিকের সন্ধানে তথ্য অনুসন্ধান করছে৷ তবে প্রকাশ্যে রাজপথে চলন্ত গাড়িতে আগুন ধরে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে যায়৷ কারণ, গাড়িটিতে সিএনজির সিলিন্ডার ছিল৷ যদি সিলিন্ডার বিস্ফোরিত হতো তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর আকর ধারণ করত৷
2017-04-27

