গরু বোঝাই গাড়ি আটক করে বিজেপির বিক্ষোভ বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ এপ্রিল৷৷  প্রতি শুক্রবারে বিশালগড়ে গরু বিক্রির হাট বসে৷ সকাল থেকেই বাইক নিয়ে ঘোরাঘুরি করছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ গোমাতাকে রক্ষা করাই উদ্দেশ্য৷ ঐদিন দুপুরে হান্নান মিঞা বিশালগড় বাজার থেকে 5টি গরু কিনেন৷ তিনি একটি অটো (তিনচাকা) দিয়ে গরুগুলি দুর্গানগরে নিজ বাড়িতে নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন৷ আর নেওয়া হল না৷ প্রভারী সুনীল দেওধরের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার সকল কর্মীরা গাড়িটিকে আটক করে বিশালগড় থানায় খবর দেন৷ পুলিশ গরুবোঝাই গাড়ি নিয়ে আসে থানায়৷ মুহুর্তেই কয়েকশ বিজেপি কর্মী জড়ো হয় থানায়৷ গোমাতাকে রক্ষার নামে শ্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা৷ মহকুমা পুলিশ  আধিকারিক প্রবীর পাল ছুটে আসে ঘটনাস্থলে৷ বিজেপি কর্মীদের দাবী গোমাতাকে গাড়ি দিয়ে বহন করা যাবে না৷ গোমাতাকে পাচার করা যাবে না৷ কিছু কিছু বিজেপি কর্মীরা দাবী করেন এগুলো চুরির৷ যদিও গাড়ির চালক গুরুগুলো কেনার রশিদ দেখিয়ে দেন৷