নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মণকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে এই বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন এআইসিসির প্রবীণতম কার্যকরী কমিটির সদস্য মোতিলাল ভোরা৷ শুক্রবারের এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই খবর জানিয়ে বলেন, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির শৃঙ্খলা রক্ষাকারী শাখা শ্রীবর্মণের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেছে৷ তারপরেই তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় তা সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রীর অনুমোদনের জন্য পাঠায়৷ তিনি গত ৩০ মার্চ এই বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দেন৷ পরে এআইসিসি-র কোষাধ্যক্ষ মোতিলাল ভোরা আজ প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে এই লিখিত বার্তা পাঠিয়েছেন৷ উল্লেখ্য করা যেতে পারে ১৯৯২ সাল থেকে তিনি একবছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন৷ তাছাড়া তিনি বহুবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন৷ সম্প্রতি তার পূত্র সুদীপ রায় বর্মণ সহ ছয় কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ কিন্তু তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেননি৷ তবে পরবর্তী সময় তিনি আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সামিল হন এবং এর পরেই তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠে৷
2017-04-08

