ওয়াশিংটন, ৭ এপ্রিল (হি.স.): রাসায়নিক হামলার একেবারে মোক্ষম জবাব দিল আমেরিকা| সিরিয়ার বিমানঘাঁটিতে ক্রুজ মিসাইল ছুড়ে বিস্ফোরণ ঘটাল আমেরিকা| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তি, জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই মিসাইল হামলার নির্দেশ দেওয়া হয়েছে| মিসাইল হামলা চালানো হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে| উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও দেশে সামরিক হামলা চালাল মার্কিন প্রশাসন|
মার্কিন সেনা আধিকারিকের তরফে দাবি করা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাসায়নিক হামলার জন্য দায়ী করে বৃহস্পতিবার রাতে ৬০টি টোমাহক মিসাইল সিরিয়ার বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়| মার্কিন নৌসেনাঘাঁটি, ভূমধ্যসাগরের ইউএসএস পোর্টার ও ইউএসএস রস থেকে মিসাইলগুলি ছোড়া হয়| সিরিয়ার বিমানঘাঁটি, বিমান ও ফুয়েল স্টেশন ছাড়াও বিভিন্ন জায়গাকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে| এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি| এর আগে সিরিয়ার উত্তরে রাসায়নিক হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| এই হামলাকে মানবতার প্রতি অপমান বলে মন্তব্য করেছিলেন তিনি| বলেছিলেন, `যখন নিষ্পাপ বাচ্চাদের হত্যা করা হয়, নিষ্পাপ শিশু ও ছোট্ট শিশুদের হত্যা করা হয়…তখন এর মধ্য দিয়ে অনেকগুলি সীমা অতিক্রম করা হয়|’
গত মঙ্গলবার ভোরে সিরিয়ার বিদ্রোহী অধু্যষিত ইদলিব প্রদেশের খান শেখু শহরের আকাশে দেখা যায় যুদ্ধবিমান| অভিযোগ, রুশ সেনা সমর্থিত সিরিয়া সেনার সেই বিমান থেকে ছড়িয়ে দেওয়া হয় সারিন গ্যাস| দমবন্ধ হয়ে মারা যান ৭২ জন| মৃতদের মধ্যে রয়েছে ২০টি শিশুও| সিরিয়া সরকার যদিও অভিযোগ অস্বীকার করেছে| তার পরেই স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিট নাগাদ পূর্ব ভূমধ্যসাগরে ভেসে থাকা মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ৫৯টি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়| লক্ষ্য ছিল শায়রাত বায়ুসেনা ঘাঁটির বিমান, জ্বালানি সংরক্ষণাগার| সিরিয়ার একটি টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় ঘাঁটির যথেষ্ট ক্ষতি হয়েছে| তার পরেই নিজের মারআলাগো রিজর্টে দাঁড়িয়ে এই বিমান হানার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| তঁার কথায়, `গত কয়েক বছর ধরে আসাদের ব্যবহার বদলানোর অনেক চেষ্টা হয়েছে| সব চেষ্টাই নাটকীয়ভাবে ব্যর্থ হয়েছে| আজ রাতে সিরিয়ায় বায়ুসেনা ঘাঁটিতে হানার নির্দেশ দিয়েছি| ওই ঘাঁটি থেকেই রাসায়নিক হামলা হয়েছিল|’
2017-04-07
