চোলাই মদের দোকান অন্যত্র সরানোর দাবীতে আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ এপ্রিল৷৷ পুনরায় মদ বিরোধী অভিযানে  নামলেন মহিলারা৷ তবে এবার স্থান উত্তরজেলার

দেশী মদের দোকান সরানোর দাবীতে পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

কদমতলা৷ একটি দেশি মদের দোকান অন্যত্র সরানোর দাবীতে পথ অবরোধ করলেন তারা৷ আজ সকাল ৯টা নাগাদ কদমতলার শান্তিপাড়া এলাকার প্রায় একশ জন মহিলা একত্রিত হয়ে কদমতলা বিদ্যুৎ নিগমের সামনে পথ অবরোধ করে কদমতলা- রানীবাড়ি সড়ক বন্ধ করে দেন৷ তাদের দাবী কদমতলা বাজার থেকে সরিয়ে একটি দেশি মদের দোকান শান্তিপাড়া নিয়ে এসেছে জৈনক মালিক মাখন নাথ৷ কিন্তু নির্মিত মদের দোকানের পাশে একটি বালিকা বিদ্যালয়, কমদতলা বিদ্যুৎ নিগম এবং একটি লোকনাথ মন্দির রয়েছে৷ এছাড়া শান্তিপাড়া একটি জনবহুল এলাকা৷ তাই অত্র এলাকার জনগণ কদমতলা থানা, ধর্মনগরের এসডিএম,  ডিএম এর কাছে অনেক বার অভিযোগ করেছেন যেন ঐ মদের দোকানটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়৷ কিন্তু সংশ্লিষ্ট দপ্তর বা জেলা প্রসাসন কোন কর্ণপাত করেনি৷ অবশেষে নিরুপায় হয়ে আজ শান্তিপাড়ার মহিলারা একত্রিত হয়ে পথ অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু করেন৷ তাদের একটাই দাবী অবিলম্বে দেশী মদের দোকান শান্তিপাড়া থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ৷ টানা ৪ ঘন্টা চলে পথ অবরোধ৷ অবশেষে ধর্মনগরে ডিসিএম এবং আবগারি বিভাগের এক আধিকারিক ঘটনাস্থলে এসে উত্তেজিত মহিলাদের আশ্বস্থ করেন আবগারি আধিকারিক সরজমিন ঘটনাস্থলে দাড়িয়ে দোকানের মালিকের সাথে ফোন যোগে বলে দেন দোকানটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য৷ তারপর উত্তেজিত মহিলারা পথ অবরোধ ও আন্দোলন প্রত্যাহার করে৷ টানা ৪ ঘন্টা পথ অবরোধ থাকাতে অসংখ্য যানবাহন দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়৷ ফলে যাত্রী দুর্ভোগও সৃষ্টি হয়৷