নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ এপ্রিল৷৷ এক রাতে একই পাড়ার পরপর দশটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে৷ ঘটনা উদয়পুরের আর কে পুর থানার অধীন তেপানিয়া সুকল সংলগ্ণ এলাকায়৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে কোন এক সময় এলাকার বিশ্বজিৎ গোস্বামী, ছায়া দেবনাথ, উষারাণী দেবনাথ সহ আরও সাতজনের বাড়িতে চুরি হয়েছে৷ শনিবার সকালে প্রতিটি বাড়ির লোকজন দেখতে পান ঘরের আলমাড়ি খোলা, অন্যান্য সামগ্রী ছন্নছাড়া অবস্থায়৷ জানা গিয়েছে দুই বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকা নগদ এবং দশটি বাড়ির বহু মূল্যবান স্বর্ণালঙ্কার লুঠ করে নিয়ে গিয়েছে চোরেরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাসী চালায়৷ তদন্তে নামানো হয় পুলিশের কুকুর৷ কিন্তু রাতে খবর লেখা পর্যন্ত চোরদের কোন হদিশ পাওয়া যায়নি৷ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
2017-04-02

