নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ড. জে পি নাড্ডার সাথে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরীর বৈঠকে কোন ইতিবাচক ফল মিলেনি৷ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের অনুপস্থিতির কারণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী রাজ্যের দাবিগুলি কেবল শুনেছেন, কিন্তু কোন প্রতিশ্রুতি দিতে পারেননি৷ দাবিগুলি নিয়ে কিছু দিন অপেক্ষা করার জন্য রাজ্যকে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ একথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী৷
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়৷ এবিষয়ে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী জানান, রাজ্যের বেশ কিছু সমস্যা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে৷ কিন্তু কোন বিষয়েই কেন্দ্রীয় মন্ত্রী সুনির্দিষ্ট কোন প্রতিশ্রুতি দিতে পারেননি৷ শ্রীচৌধুরী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি রয়েছে রাজ্যে৷ এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়৷ পিজি পরীক্ষদ্ধা নিট’র মাধ্যমে নেওয়া হয়৷ বেশি সংখ্যায় যাতে রাজ্যের চিকিৎসকরা নিট পরীক্ষায় বসতে পারে সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু, এর সমাধানে কেন্দ্রীয় মন্ত্রী কোন প্রতিশ্রুতি দিতে পারেননি৷ তিনি জানিয়েছেন, পিজি পরীক্ষা যেহেতু নিট আয়োজন করে থাকে৷ ফলে, এবিষয়ে সংশ্লিষ্ট আধিকারীকদের সাথে আলোচনা না করে কোন কিছু বলা সম্ভব নয়৷ এদিকে, ক্যান্সার রিসার্চ সেন্টার করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে৷ সেই বিষয়টিও কেন্দ্রীয় মন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলা হয়েছে ৪০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব জমা দেওয়া হয়েছে৷ তার অনুমোদন কবে নাগাদ মিলতে জানতে চাওয়া হয়৷ এবিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি, জানান তিনি৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, রাজ্যে যেহেতু ক্যান্সার চিকিৎসায় কোন অপারেশন সম্ভব নয়, তাই এইমস এবং টাটা ক্যান্সার হাসপাতালের সাথে রাজ্যের ত্রিপাক্ষিক চুক্তি করার বিষয়টিও কেন্দ্রীয় মন্ত্রীর গোচরে নেওয়া হয়েছে৷ কিন্তু, এবিষয়েও কোন সুনির্দিষ্ট মত দেননি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী৷ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন সমস্যা সমাধানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর আন্তরিকতার কোন অভাব ছিল না৷ কিন্তু, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের অনুপস্থিতে সুনির্দিষ্টভাবে কোন প্রতিশ্রুতি তিনি দেননি৷ তবে, আগাম ঘোষণা সত্বেও ত্রিপুরার স্বাস্থ্য মন্ত্রীর সাথে বৈঠকের দিনে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের অনুপস্থিতিতে তাঁর উপর কেন্দ্রীয় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন, জানান শ্রীচৌধুরী৷ এদিন তিনি জানিয়েছেন, ঐ সমস্ত সমস্যা সমাধানে আরও ৫/৬ মাস রাজ্যকে অপেক্ষা করতে হবে৷
2017-03-26

