ঘোষিত কর্মসূচী ও বাস্তবায়ন সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট কার্ড চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ এবার কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট কার্ড চেয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

বুধবার আগরতলায় বিমস্ট্যাক সেমিনারে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷

বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের ঘোষিত কর্মসূচী এবং তার বাস্তবায়ন কতটা হচ্ছে প্রতি অর্থবছরের শেষে তার একটি রিপোর্ট কার্ড তৈরী করার জন্য কেন্দ্রকে বলেছেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার আগরতলায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এবং পররাষ্ট্র মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত বিমস্ট্যাক সম্মেলনে এই দাবী করেছেন তিনি৷ পররাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব প্রশান্ত আগরওয়ালকে কেন্দ্রীয় সরকারের মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার কী পরিকল্পনা নিচ্ছে, কতটা অনুমোদন দিচ্ছে, তার নিরিখে কী কাজ হচ্ছে এবং ফলস্বরূপ এই অঞ্চলের উন্নয়নের প্রশ্ণে প্রাপ্তি কতটুকু তার নিরিখে একটি রিপোর্ট কার্ড প্রতি অর্থ বছরের শেষে তৈরী হওয়া উচিত৷ অন্যথা এই ধরনের সেমিনার আয়োজন করে কেবল আলোচনাই হবে৷ কাজের কাজ কিছুই হবে না, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷
এদিন তিনি লুক ইস্ট পলিসি থেকে অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর বক্তব্য, কী উদ্দেশ্যে লুক ইস্ট পলিসি থেকে অ্যাক্ট ইস পলিসি করা হয়েছে তার কোন কারণ এখনও তিনি খঁুজে পাননি৷ শুধু তাই নয় এর উত্তর প্রধানমন্ত্রীর কাছ থেকেও মিলেনি৷ মুখ্যমন্ত্রী এদিন ক্ষোভের সুরে বলেন, প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্ট ইস্ট পলিসি রূপান্তর সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল৷ কিন্তু, কোন সদুত্তর তাঁর কাছ থেকে পাওয়া যায়নি৷ পূর্বোত্তরের উন্নয়নের প্রশ্ণে অ্যাক্ট ইস্ট পলিসি কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে সেই বিষয়েও প্রধানমন্ত্রী কিছুই জানাননি৷
শিল্প সম্ভাবনা নিয়ে এদিনের সেমিনারে বিভিন্ন বক্তা পূর্বোত্তরে কিভাবে শিল্পে সমৃদ্ধ করা যায় তার দিক নির্দেশ করেন৷ এরই পাশাপাশি সম্ভাবনা থাকলেও চেষ্টার ঘাটতির দরুন শিল্প এই অঞ্চলে বেড়ে উঠছে না, এই ধরনের মন্তব্যও উঠে এসেছে৷ বক্তাদের মতে, এই অঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ৷ তাই শিল্প এই অঞ্চলে গড়ে উঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তবে, তার জন্য শিল্প আনার ক্ষেত্রে চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে৷
পররাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব প্রশান্ত আগরওয়াল বলেন, ভারত পরিবহণ এবং যোগাযোগ ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে৷ কেন্দ্রীয় সরকার এবং এর সাথে ডোনার মন্ত্রক পূর্বোত্তরের দিকে বিশেষ নজর দিয়েছে৷ এই অঞ্চলের আটটি রাজ্যের উন্নয়নের প্রশ্ণে লুক ইস্ট পলিসি পরিবর্তিত হয়ে অ্যাক্ট ইস্ট পলিসি হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের বিশ্বাস এই উদ্যোগ এই অঞ্চলের খোলনলচে পাল্টে দিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে৷
এরই পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার পূর্বোত্তরের উন্নয়নের প্রশ্ণে রিপোর্ট কার্ড দাবী করেছেন৷ পাশাপাশি তাঁর আরও দাবি ত্রিপুরার উন্নয়নের জন্য প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে সমস্ত বকেয়া সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তি প্রয়োজন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত সফরে সমস্ত বকেয়া সমস্যাগুলি নিষ্পত্তি করার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিবের কাছে দাবী জানিয়েছেন৷ তিনি মনে করেন, ঐ সমস্যাগুলি নিয়ে দ্রুত আলোচনা এবং নিষ্পত্তি করা হলে এরাজ্য নানা ভাবে উপকৃত হবে৷ এই পথে না গিয়ে কেবল এই ধরনের সেমিনারের সাফল্য আসবে না৷ পাশাপাশি তিনি আরও বলেছেন, শিল্প ও বাণিজ্যের পাশাপাশি খেলাধুলো, সাংসৃকতিক কর্মকান্ড এবং শিক্ষার আদান- প্রদানের বিষয়গুলিও বিমস্ট্যাকের মাথায় রাখতে হবে৷