বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর বিচ্ছেদে সব ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ নয় : বম্বে হাইকোর্ট

rape cartonমুম্বই, ২১ জানুয়ারি (হি.স.) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে  সহবাসের পর প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে সব ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ আনা যাবে না | এ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত যুবকের আগাম জামিনের আর্জি মঞ্জুর করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বম্বে হাইকোর্ট | হাইকোর্টের বিচারপতি মৃদুলা ভাটকর বলেন,  কোনও শিক্ষিত মেয়ে যদি প্রাক-বিবাহ যৌন সম্পর্কে সম্মতি দেন, তাহলে ওই সিদ্ধান্তের দায়িত্ব তাঁকে গ্রহণ করতে হবে| বিচারপতি আরও বলেছেন, বর্তমানে নতুন প্রজন্ম একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং তারা যৌনতা সম্পর্কেও ওয়াকিবহাল| সমাজ এগিয়ে চললেও বিভিন্ন নৈতিকতার বোঝা এখনও রয়ে গিয়েছে| সামাজিক পিছুটান রয়ে গিয়েছে যে, বিয়ের সময় কুমারী থাকা একজন মেয়েরই দায়িত্ব| বিয়ের আগে যৌন সম্পর্ককে এখনও গর্হিত হিসেবেই মনে করা হয়| তাই বিয়ের আগে কোনও মহিলা যৌন সম্পর্কে লিপ্ত হলেও সেই সিদ্ধান্তের দায় নিতে চান না| অথচ, এ ব্যাপারে ওই মহিলারও তার প্রেমিকের মতোই দায়িত্ব রয়েছে|