নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ডঃ মহম্মদ মুজাম্মেল হক খান বুধবার রাজ্য সফরে আসেন৷ মূলত, তিনি বাংলাদেশের আগরতলা মিশন অফিসে মেশিনে পাসপোর্ট ও ভিসা দেওয়ার ব্যবস্থা পর্যালোচনার জন্য রাজ্যে এসেছেন৷ তিনি জানান, আগরতলায় দুমাস আগে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিস স্থাপিত হয়েছে৷ খুব শীঘ্রই তা ডেপুটি হাইকমিশনে উন্নীত করা হবে৷ ফলে, নতুন স্থাপিত সহকারী হাই কমিশন অফিসে মেশিনে পাসপোর্ট ও ভিসা দেওয়ার বিষয়টি সরকারিভাবে পর্যালোচনা করতেই তিনি এসেছেন৷ তিনি আরো জানান, রাজ্য থেকে দৈনিক প্রায় একশজন বাংলাদেশে যাচ্ছেন তা যথেষ্ট আশাব্যঞ্জক৷ রাজ্যের যাত্রীদের অধিকাংশের চাহিদা থাকে সহজভাবে ভিসা পাওয়া৷ মেশিনে ভিসা দেওয়া ব্যবস্থা চালু হলে রাজ্যের যাত্রীদের ভিসা পেতে অনেক সহজ হবে৷
এদিকে, ভারত-বাংলা মৈত্রী প্রসঙ্গে তিনি জানান, এদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই নিবিড়৷ মুক্তিযুদ্ধ সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে তিনি রাজ্য তথা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ বাংলাদেশ ফিরে যাওয়ার বিষয়ে তিনি জানান, আগরতলা থেকে কলকাতা হয়ে বাংলাদেশে যাওয়া পরিকল্পনা ছিল৷ কিন্তু রাজ্যে এসে তিনি মত বদল করেছেন৷ এখন তিনি আখাউড়া সীমান্ত হয়ে বাংলাদেশে যাবেন৷ তাতে বিওপিগুলি দেখার সুযোগ মিলবে বলে তিনি জানিয়েছেন৷
2016-02-11

