উদ্ধার হওয়া গাঁজা লোপাটের চেষ্টা খোয়াই থানায়

Marijuanaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ গতকাল খোয়াইয়ে লালছড়া কলেজের পেছন থেকে বিলেতি মদের পাশাপাশি গাঁজাও উদ্ধার হয়েছিল৷ কিন্তু কৌশলে গাঁজা উদ্ধারের বিষয়টি চেপে যায় খোয়াই থানার পুলিশ৷ অবশেষে খোয়াই জেলা পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথের চাপে পড়ে ধৃত যুবক দীপঙ্কর দাসের বিরুদ্ধে গাঁজা পাচার সংক্রান্ত এনডিপিএস এ্যাক্ট অনুযায়ী মামলা নেয় খোয়াই থানা৷ অভিযোগ থানার ওসি  আটককৃত বহু মূল্যের গাঁজার প্যাকেট লোপাট করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু বিষয়টি খোয়াই জেলা পুলিশ সুপারের নজরে আসলে তড়িঘড়ি ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস এ্যাক্টের ২০বি ধারায় মামলা রুজু করা হয়৷  ধৃত যুবককে আজ আদালতে পাঠানো হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠান৷ ঐ যুবক জানিয়েছে, গাঁজা এবং বিলেতি মদ তার নয়৷ এসবের মালিক লালটিলার জনৈক ব্যবসায়ী গৌতম দাস৷ তিনি লালটিলায় মাছের ব্যবসার আড়ালে এসব অবৈধ কারবারও করে থাকেন বলে  ধৃত যুবক জানিয়েছেন৷ তাকে গাঁজা ও বিলেতি মদ মুন্ডা বস্তি এলাকায় নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল৷