আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরা হাইকোর্টের ই-সেবা কেন্দ্রের উদ্বোধন করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে৷ আজ থেকে তিনি উত্তর-পূর্বাঞ্চল সফর শুরু করেছেন৷ অসম এবং মিজোরাম সফর শেষে আগামী ২৩ ডিসেম্বর তিনি ত্রিপুরা সফরে আসবেন৷ ওইদিনই তিনি ত্রিপুরা হাইকোর্টের ই-সেবা কেন্দ্রের উদ্বোধন করবেন৷
ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর হাইকোর্ট চত্বরে ই-সেবা কেন্দ্রের সূচনা হবে৷ এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে উপস্থিত থাকবেন৷ এছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি, বিচারপতি তথা হাইকোর্টের কম্পিউটার কমিটির চেয়ারপারসন এস তলাপাত্র এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়৷
তিনি বলেন, ওইদিন দুপুর ১টা ৪০ মিনিটে ই-সেবা কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে৷ প্রথমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে৷ এর পরই হাইকোর্টের প্রধান বিচারপতি বক্তব্য পেশ করবেন৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও৷ তার পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে৷
প্রসঙ্গত, ত্রিপুরা সফরে এসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথমে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে যাবেন৷ সেখানে পূজা দিয়ে ফিরে এসে ত্রিপুরা হাইকোর্টের ই-সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন৷ ওইদিনই তিনি বিকেলে কলকাতা চলে যাবেন৷

