আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরার রাজ পরিবারের সদস্য তথা তিপ্রা সংগঠনের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তিনি বর্তমানে গৃহ নিভৃতবাসে রয়েছেন৷
টুইট করে এই খবর দিয়ে বার্তায় প্রদ্যুৎ জানিয়েছেন, প্রচণ্ড জ্বর, শরীরে ব্যথা এবং কোনও গন্ধ অনুভব করতে পারছি না৷ তাই, কোভিড-১৯ পরীক্ষা করেছিলাম৷ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি জানান, বর্তমানে বাড়িতেই সম্পূর্ণ আইসোলেশনে আছি৷
সাথে তিনি যোগ করেন, চিকিৎসকদের পরামর্শ মেনে পুরো সাবধানতা অবলম্বন করছি৷ কারণ, আমি হৃদরোগের সমস্যায় ভুগছি৷ ইতিপূর্বে তিনি হৃদরোগের চিকিৎসায় লাগাতার ডাক্তারদের তত্বাবধানে ছিলেন৷
এদিন তিনি তাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক করে বলেন প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন৷ সাথে তিনি তিপ্রা সংগঠনের সকলকে চিন্তিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন৷



















