News Flash

  • Home
  • Uncategorized
  • হাতির দাঁতে ক্ষতবিক্ষত ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফেরালেন জিবিপি হাসপাতালের ডাক্তাররা
Image

হাতির দাঁতে ক্ষতবিক্ষত ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফেরালেন জিবিপি হাসপাতালের ডাক্তাররা

আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.)৷৷ হাতির দাঁতের আঘাতে ক্ষতবিক্ষত ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন জিবিপি হাসপাতালের চিকিৎসকগণ৷ জটিল এই অস্ত্রোপচারের ফলে রঞ্জন মালাকারের পরিবার পরিজনদের মুখের হাসি ফিরে এসছে৷ পাশাপাশি দুরূহ এই অপারেশনের সাফল্য রাজ্যের চিকিৎসকদের আত্মবিশ্বাস আরও মজবুত করেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা৷


প্রসঙ্গত, তেলিয়ামুড়ায় গত ৮ ডিসেম্বর বিকেল তিনটা নাগাদ হাতির দাঁতের আঘাতে গুরুতরভাবে জখম হন ৪৮ বছরের রঞ্জন মালাকার৷ তাঁকে প্রথমে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাতির দাঁত তার পেটের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছিল৷ পেটের ভেতর থেকে বেরিয়ে পড়েছিল অন্ত্র৷ প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তার৷ পিঠেও গুরুতর আঘাত ছিল৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ রক্তের ব্যবস্থা করা সহ আনুষঙ্গিক সমস্ত ব্যবস্থাও করেন চিকিৎসকগণ৷ এদিনই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে অপারেশন শুরু হয়৷


স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, চার ঘণ্টার অপারেশন শেষে রোগীকে অ্যানেস্থেটিক আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ জটিল অপারেশন করেন ডা. দামোদর চ্যাটার্জি এবং ডা. দীপ্তেন্দু চৌধুরী৷ অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডা. ভাস্কর মজুমদার ও ডা. সৌরভ সাহা৷ এই অপারেশনে আরও সাতজন চিকিৎসক, নার্স এবং টেকনেশিয়ান সহায়তা করেছেন৷ বর্তমানে রোগী সজ্ঞানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল৷


স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা বলেন, জিবিপি হাসপাতালে তাঁর শারীরিক পরিস্থিতির প্রতি চিকিৎসকগণ নজর রাখছেন৷ জিবিপি হাসপাতালে সাম্প্রতিককালে একাধিক জটিল অস্ত্রোপচারে সাফল্য এসেছে৷ এই অপারেশনও রাজ্যের চিকিৎসকদের দক্ষতার ফসল এবং রাজ্যবাসীকে উন্নততর চিকিৎসা ব্যবস্থা প্রদানে আশ্বস্ত করার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত৷ তাঁর কথায়, এমন কঠিন অপারেশন আগেও করেছেন ডা. দামোদর চ্যাটার্জি৷ তরুণ শল্য চিকিৎসক ডা. দীপ্তেন্দু চৌধুরীও তাঁর দক্ষতা প্রমাণ করেছেন একাধিক অস্ত্রোপচারে৷ যদিও রোগীর পরিবারের সদস্যরা এই অপারেশন অন্য কোথাও করার কথা ভাবছিলেন, কিন্তু চিকিৎসকরা তাঁদের ভরসা জুগিয়েছেন৷


এদিকে বিধানসভার সরকারি মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায়ও ছুটে গিয়েছিলেন হাসপাতালে৷ তিনিও ভরসা রেখেছিলেন জিবিপি হাসপাতালের চিকিৎসকদের উপর৷ অপারেশনের মাধ্যমে রোগীর জীবন ফিরিয়ে দিতে পেরে ডা. চ্যাটার্জি সহ তাঁর পুরো টিম তৃপ্ত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top