করোনা-সংক্রমিত অভিনেতা সানি দেওল, রয়েছেন আইসোলেশনে

মুম্বই, ২ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল। সানি দেওল নিজেই বুধবার সকালে টুইট করে জানিয়েছেন, তাঁর করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও হিমাচল প্রদেশের মানালির ব্লক মেডিক্যাল অফিসার রঞ্জিত ঠাকুর জানিয়েছেন, বিজেপি সাংসদ সানি দেওল করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। তবে চিন্তার কোনও কারণ নেই, অভিনেতা ভালোই আছেন।

সানি দেওল হিন্দিতে টুইট করে জানিয়েছেন, ‘আমি করোনা-টেস্ট করিয়েছিলাম, সেই টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি আইসোলেশনে রয়েছি এবং শরীর ভালো রয়েছে। বিগত কিছু দিনে আমার সান্নিধ্যে যাঁরা এসেছেন তাঁদের কাছে অনুরোধ করছি নিজেদের আইসোলেশনে রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।’ পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ সানি দেওল কিছুদিন ধরে হিমাচল প্রদেশে রয়েছেন। সেখানেই তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়, তারপরই করোনা-পরীক্ষা করান সানি দেওল।