শিক্ষা দফতর বড়সড় নিয়োগের পথে, ৩৮৪১ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি টিআরবিটি-র

আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় শিক্ষা দফতরে আবারো বড়সড় নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। অস্নাতক ও স্নাতক শিক্ষক পদে ৩৮৪১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা (টিআরবিটি)৷ মূলত, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই শিক্ষকদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে৷

এ-বিষয়ে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ৩৮৪১ জন অস্নাতক এবং স্নাতক শিক্ষক পদে নিয়োগে ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে৷ তাতে, ১৭২৫ জন অস্নাতক শিক্ষক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য এবং ২১১৬ জন স্নাতক শিক্ষক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে৷ আগ্রহী প্রার্থীরা টিআরবিটির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন, বলেন তিনি৷

তাঁর কথায়, ১৪ ডিসেম্বর থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে৷ এই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার সাথে সাথেই শিক্ষা দপ্তর অফারের তালিকা তৈরি করে নেবে বলে আশা করা যাচ্ছে৷ তাঁর দাবি, ডিসেম্বরের মধ্যেই ওই সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করার চেষ্টা চলছে৷

তিনি বলেন, এছাড়া ১৭৫ জন স্নাতক শিক্ষক নবম ও দশম শ্রেণীর জন্য এবং ৬৪জন স্নাতকোত্তর শিক্ষক একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগে পরীক্ষা নেওয়া হবে৷ ১ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে ওই পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ পরীক্ষা শেষে স্নাতক ও স্নাতকোত্তর পদে চাকুরী প্রত্যাশীরা অনলাইনে আবেদনপত্র জমা দেবেন৷ এরপরই অফার লেটার দেওয়ার চূড়ান্ত তারিখ স্থির করা হবে, জানান শিক্ষামন্ত্রী৷ হিন্দুস্থান সমাচার\সন্দীপ