মা শৈলপুত্রীর আশীর্বাদে সমৃদ্ধ ও নিরাপদ হোক পৃথিবী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): ভারতের অন্যতম শুভ উৎসব নবরাত্রি। হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে নবরাত্রি, বাসন্তি দুর্গা পূজা নামেও পরিচিত। টানা নয় দিন ধরে দুর্গার নয় রূপের পূজা করা হয়। নবরাত্রি উপলক্ষ্যে শনিবার দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে লিখেছেন, মা শৈলপুত্রীর আশীর্বাদে সমৃদ্ধ ও নিরাপদ হোক পৃথিবী। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীকে প্রণাম। মা শৈলপুত্রীর আশীর্বাদে আমাদের পৃথিবী নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধ হয়ে উঠুক। দরিদ্রদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাঁর আশীর্বাদ আমাদের শক্তি প্রদান করুক।’


নবরাত্রি উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন রাজ্যে পূজার্চনা করা হয়। দিল্লির ঝান্ডেওয়ালা মন্দির, কালকা জি মন্দির, মুম্বইয়ের মুম্বা দেবী মন্দির, কানপুরের বৈভব লক্ষ্মী এবং দূর্গা মন্দির, জম্মু-কাশ্মীরের কাটরার বৈষ্ণদেবী মন্দির, উত্তর প্রদেশের গোরক্ষপুরের কালী মন্দির, লুধিয়ানার দূর্গা মাতা মন্দির, অমৃতসরের বাবা হনূমান মন্দির, মথুরার বাঁকে বিহারি মন্দির, হিমাচল প্রদেশের শিমলার কালিবাড়ি মন্দির-সর্বত্ৰ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূজার্চনা করা হয়। উত্তর প্রদেশের বলরামপুরে দেবী পাটান মন্দিরে পুজো করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।