শিলং, ১০ অক্টোবর (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগে মেঘালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকার ১ কোটি টাকা অনুমোদন দিয়েছে। পূর্ব খাসিপাহাড়ের জন্য ৫০ লক্ষ টাকা, মকিরবাটের জন্য ২০ লক্ষ টাকা এবং নংস্টয়েনের জন্য ২০ লক্ষ টাকা অগ্রিম মঞ্জুর করা হয়েছে। রাজ্যের রাজস্বমন্ত্রী কিরমেন শাইলো জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলার ডেপুটি কমিশনাররা (জেলাশাসক) ওই আর্থিক সহায়তা প্রদান করবেন।
প্রাকৃতিক দুর্যোগে পূর্ব খাসিপাহাড় জেলার শিলং ও পার্শ্ববর্তী এলাকা, দক্ষিণ পশ্চিম খাসিপাহাড় জেলা, মকিরবাট, পশ্চিম খাসিপাহাড় এবং নংস্টয়েনে হতাহতের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতে সংঘটিত ভূমিধসে বিভিন্ন স্থানে প্রচুর ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে। ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়েছে। লুম্পারিঙে ৪ জন, পুলিশ রিজার্ভে ২ জন এবং মাদানরিটিং এবং মাওলাইয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টিপাতে একটি জিপ গাড়ি নদীর জলে ভেসে গেছে। ওই জিপে ৮ জন যাত্রী ছিলেন। ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন এখনও নিখোঁজ বলে জেলা প্রশাসন জানিয়েছে। প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী, পশ্চিম খাসিপাহাড় জেলায় বন্যার জলে একটি গাড়ি ভেসে গেছে। নংস্টয়েনে সংঘটিত ওই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ বলে জানা গেছে। অবশ্য, মেঘালয় সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির নতুন করে রিপোর্ট তলব করেছে। সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারদের ওই রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আর্থিক সহায়তা প্রদানে সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার। কারণ বহু এলাকা নতুন করে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।



















