মেদক (তেলেঙ্গানা), ২৮ মে (হি.স.): প্রায় ১৪ বছর আগের হরিয়ানার সেই প্রিন্সের স্মৃতি উসকে দিল তেলেঙ্গানার সাই বর্ধন। তবে সেদিন প্রিন্স বেঁচে ফিরলেও, তেলঙ্গানার ৩ বছরের শিশু সাই বর্ধন ১৭ ফুট গভীর কুয়োর পড়ে আর ফিরল না। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে পাঁচটা নাগাদ তেলেঙ্গানার মেদক জেলায়। এরপর চলে উদ্ধারকার্য। ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। তারা ১৭ ফুট গভীর কুয়োর ভিতরে অক্সিজেন পাঠানো হয়। কুয়োর বেড় বাড়ানোর জন্য চলে খনন কাজও।
রাতভর চলে উদ্ধার কাজ। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার ভোরে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই কুয়োটি-সহ আরও দু’টি এরকম কুয়ো বেআইনি ভাবে খনন করা হয়েছে। এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

